নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার
চান্দিনা উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে
৮০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে হাইওয়ে পুলিশ।
শুক্রবার (৯ মে) সকাল সাড়ে ১১টার দিকে চান্দিনা থানাধীন ছয়ঘরিয়া এলাকায় ঢাকা-মুখী লেইনে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তি হলেন মো. বিল্লাল (৪২)। তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার দক্ষিণ নছর উদ্দিন এলাকার মৃত আব্দুল রশিদের ছেলে।
পুলিশ
সূত্রে জানা যায়, ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. জাকির
শিকদারের নেতৃত্বে হাইওয়ে পুলিশের একটি দল ছয়ঘরিয়া এলাকায় চেকপোস্ট
পরিচালনা করছিল। এ সময় ঢাকা মেট্রো-ব-১৪-৯৯১২ নম্বরের একটি সেবা ট্রাভেলস
যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে যাত্রী
বিল্লালের প্যান্টের পকেটে থাকা এয়ারটাইট প্যাকেটে স্কচটেপে মোড়ানো ৪টি
প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ৮০০ পিস গোলাপি
রঙের ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
পুলিশ জানায়, এসআই মো. আব্দুল বারেক
মিয়া সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকার মাধ্যমে ইয়াবাগুলো জব্দ করেন। এ
ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে চান্দিনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে
মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
