কুমিল্লা
মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালের পরিচালক ডা. মাসুদ পারভেজকে ওএসডি
(অফিসার অন স্পেশাল ডিউটি) করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য ও
পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখা থেকে জারি
করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে যুগ্মসচিব সনজীদা
শরমিন স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডা. মাসুদ পারভেজকে কুমেক
হাসপাতাল থেকে সরিয়ে ঢাকার মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি করে ওএসডি
করা হয়েছে। বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সব দপ্তরে
পাঠানো হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ডা. মাসুদ পারভেজ ২০২৪ সালের ৫
সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক পদ থেকে রাষ্ট্রপতির
আদেশক্রমে কুমেক হাসপাতালের পরিচালক হিসেবে যোগ দেন। দায়িত্ব গ্রহণের পর
হাসপাতালের কেনাকাটাসহ বিভিন্ন খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে তার
বিরুদ্ধে।
এসব অভিযোগ নিয়ে স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে একাধিক
প্রতিবেদন প্রকাশিত হয়। অভিযোগের প্রেক্ষিতে প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে
তাকে বর্তমান পদ থেকে সরিয়ে ওএসডি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা
গেছে।
এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো না হলেও, সংশ্লিষ্ট
মহলের ধারণা উত্থাপিত অভিযোগগুলোই এ পদক্ষেপের পেছনে প্রধান কারণ হিসেবে
বিবেচিত হয়েছে।
