
কুমিল্লার
ব্রাহ্মণপাড়া উপজেলায় ২০২৫–২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা ও
পুনর্বাসন কর্মসূচির আওতায় ৭ হাজার ৫০০ জন কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে
আউশ ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার
(১৭ এপ্রিল ২০২৬) বিকেল ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লা-৫
আসনের সংসদ সদস্য মো. জসিম উদ্দিন।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ
অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী
কর্মকর্তা মাহমুদা জাহান। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো.
আব্দুল মতিন।
অনুষ্ঠানে জানানো হয়, কৃষকদের উৎপাদন বাড়াতে এবং প্রাকৃতিক
দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে এই কর্মসূচি বাস্তবায়ন করা
হচ্ছে। এর আওতায় প্রত্যেক কৃষককে ৫ কেজি করে আউশ ধানের বীজ, ১০ কেজি করে
ডিএপি সার এবং ১০ কেজি করে এমওপি সার দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মুখলেচুর রহমান।
বক্তারা
বলেন, কৃষকদের সহায়তায় সরকারের এ ধরনের প্রণোদনা কর্মসূচি কৃষি উৎপাদন
বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
