কুমিল্লা
নগরীর আশোকতলা জামে মসজিদে গোল্ড সিলভার হোমস লি.-এর উদ্যোগে মাসব্যাপী
ইফতার মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। শুক্রবার (১৩ মার্চ)
২২তম রমজান উপলক্ষে আয়োজিত এই ইফতার মাহফিলে এলাকার কয়েকশ ধর্মপ্রাণ
মুসল্লি অংশগ্রহণ করেন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, রমজানের
শুরু থেকেই ধারাবাহিকভাবে এই ইফতারের আয়োজন করা হচ্ছে। বিশেষ করে প্রতি
শুক্রবার মুসল্লিদের জন্য বিরিয়ানির বিশেষ আপ্যায়ন থাকে। শুক্রবারের আয়োজনে
নিজস্ব খামারের গরু দিয়ে বিরিয়ানি রান্না করে পরিবেশন করা হয়। সপ্তাহের
বাকি দিনগুলোতেও মানসম্মত ও পুষ্টিকর ইফতার সামগ্রী মসজিদেই তৈরি করে
মুসল্লিদের মাঝে বিতরণ করা হয়।
ইফতার মাহফিল প্রসঙ্গে গোল্ড সিলভার হোমস
লি.-এর পরিচালক মো. ফারুক আহমেদ বলেন, "মক্কা ও মদিনার হারাইন শরীফাইনের
আদলে আমরা এই আয়োজনটি করছি। যেখানে ধনী-দরিদ্র, ছোট-বড় ভেদাভেদ ভুলে সবাই
এক কাতারে বসে ইফতার করেন। আমরা চাই আমাদের মতো কুমিল্লার প্রতিটি মসজিদে
এবং সারা দেশের সামর্থ্যবানরা এভাবে এগিয়ে আসুক। এটি একটি সুন্নতি তরিকা
এবং এতে সামাজিক ভ্রাতৃত্ব বৃদ্ধি পায়।"
আয়োজনটি সফল করতে শুরু থেকেই
নিরলসভাবে কাজ করে যাচ্ছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি মোতালি সাহেব ও
ইফতেখার খান সাহেবসহ গোল্ড সিলভার হোমসের কর্মীরা। পরিশেষে দেশ ও জাতির
কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে ইফতার অনুষ্ঠিত হয়।
