নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। শনিবার (১৪ মার্চ) দুপুরে স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে । প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসক হিসেবে ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (৩) অনুযায়ী মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। এ দায়িত্ব পালনের জন্য বিধি অনুযায়ী ভাতা পাবেন। একই প্রজ্ঞাপনে বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর সিটি কর্পোরেশনেও আরো চারজনকে প্রশাসকের দায়িত্ব প্রদান করা হয়েছে।
কুমিল্লার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের দীর্ঘদিনের পরিচিত মুখ ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি ‘বিবেক’ নামে মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা করেন জনকল্যাণে কাজ করে আসছেন। সংগঠনটির মাধ্যমে তিনি মহামারী করোনাকালে সাড়ে চার শতাধিক মৃতের দাফন ও সৎকার করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। এছাড়াও ‘বিবেক’ এর মাধ্যে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তা, শিক্ষা সহায়তা, দুর্যোগকালীন ত্রাণ বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।
দলীয় সূত্রে জানা গেছে, বিগত সময়ে রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে ইউসুফ মোল্লা টিপুকে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। তিনি বিভিন্ন সময় হয়রানি ও নির্যাতনের শিকার হন এবং জেলও খাটতে হয়েছে। তার প্রশাসক হিসেবে নিয়োগের খবরে কুমিল্লার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আশা প্রকাশ করেছেন, তার অভিজ্ঞতা ও সামাজিক সম্পৃক্ততা কুমিল্লা সিটি করপোরেশনের নাগরিক সেবার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
এদিকে ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ায় কুমিল্লা টাউন হল মাঠে মিষ্টি বিতরণ করেছেন কুমিল্লার যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতৃবৃন্দ। এসময় তারা ইউসুফ মোল্লা টিপুকে কুমিল্লা সিটির প্রশাসকের দায়িত্ব প্রদান করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সভাপতি আনোয়ারুল হক বলেন, ইউসুফ মোল্লা টিপু কুমিল্লার রাজনৈতিক অঙ্গনের পরীক্ষিত সৈনিক ও নেতা-কর্মীদের আস্থার ঠিকানা। রাজনীতির পাশাপাশি তার মানবিক গুণাবলী কুমিল্লার মানুষের কাছে তাকে আপন করে তুলেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে কুমিল্লা সিটির প্রশাসকের দায়িত্ব প্রদান করেছেন- এজন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তার সুদৃঢ় নেতৃত্বে কুমিল্লা সিটি একটি মডেল সিটিতে পরিণত হবে।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষা:
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লার সদ্য দায়িত্ব পাওয়া প্রশাসকরা। শনিবার দুপুরে সংসদ ভবনে সরকারপ্রধানের কার্যালয়ে এ সাক্ষাৎ হওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এসময় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।
