নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর উপজেলার কালির বাজারে গ্যাসের চুলা নিয়ে দ্বন্দ্বে ছোটভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছে বড় ভাই। শুক্রবার বিকেলে কালির বাজার ইউনিয়নের রায়চর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিল্লাল হোসেন ওই গ্রামের আবদুল মালেক ভূইয়ার ছেলে। অভিযুক্ত ছোটভাই আনিসুর রহমান ভূইয়া পলাতক রয়েছে।
একই দিন কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর বাজারের একটি ভাড়া বাসা থেকে সাইফুল ইসলাম (৩৫) নামে এক কলেজ শিক্ষকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাইফুল ইসলাম জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের রামনগর গ্রামের মোবারক আলীর ছেলে। তিনি গত তিন বছর ধরে স্থানীয় অধ্যাপক আবদুল মজিদ কলেজে ইংরেজি বিষয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
কুমিল্লা কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার জানান, গ্যাসের চুলার রাইজার নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বে ছোটভাই আনিসুর রহমান ভূইয়ার অতর্কিত ছুরিকাঘাতে বড় ভাই বিল্লাল হোসেন মারা যান। ঘটনার পর থেকেই ছোটভাই পলাতক রয়েছে। তবে তার স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন নাজিরাবাজার ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন জানান, আমরা ঘটনাস্থলে আছি। এ বিষয়ে তদন্ত চলছে।
অপরদিকে মুরাদনগরে কলেজ শিক্ষকের মরদহে উদ্ধারের বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি (তদন্ত) মো. আনোয়ার হোসেন জানান, "মরদেহটিতে পচন ধরে গেছে। অবস্থা দেখে ধারণা করা হচ্ছে প্রায় ৫ থেকে ৭ দিন আগে তার মৃত্যু হয়েছে। আমরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেছি। মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে, রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।"
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ মার্চ কলেজে শেষবার ক্লাস করেছিলেন শিক্ষক সাইফুল ইসলাম। এরপর থেকে তার সাথে আর কোনো যোগাযোগ ছিল না। ওই কলেজের অধ্যক্ষ মো. ফেরদৌস আহমেদ চৌধুরী জানান, সাইফুল ইসলাম প্রায়ই কাউকে কিছু না বলে মাঝেমধ্যে কলেজে অনুপস্থিত থাকতেন। গত রবিবার কয়েকজন শিক্ষার্থী তার বাসায় গিয়ে অনেক ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তারা ফিরে যায়।
পরবর্তীতে ঘর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে বাঙ্গরা বাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভেতর থেকে বন্ধ থাকা দরজার লক ভেঙে কক্ষের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।
