মানবিকতা,
দেশপ্রেম ও সমাজকল্যাণমূলক চিন্তাধারার জন্য কুমিল্লার তরুণ সংগঠক ইউসুফ
মোল্লা টিপুর ভূয়সী প্রশংসা করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি,
মৎস্য-প্রাণিসম্পদ ও খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হাজী আমিনুর রশিদ
ইয়াছিন। তিনি বলেন, ইউসুফ মোল্লা টিপুর চিন্তা-ভাবনায় দেশের জন্য এবং
কুমিল্লার মানুষের কল্যাণের আকাঙ্ক্ষা স্পষ্টভাবে ফুটে ওঠে। শনিবার (১৪
ফেব্রুয়ারি) কুমিল্লা মহানগরীর ফাউনটাউনে সামাজিক সংগঠন বিবেক-এর ৬ষ্ঠ
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির
বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমি যে কয়দিন ইউসুফ
মোল্লা টিপুর সঙ্গে কথা বলেছি, দেখেছি ছেলেটির চিন্তা দেশের জন্য এবং
কুমিল্লার মানুষের জন্য ভালো কিছু করা। তার প্রতি আমার দোয়া থাকবে, আপনারাও
তার জন্য দোয়া করবেন। তিনি আরও বলেন, মানুষের দোয়ার কারণেই আল্লাহ তাকে
সম্মানিত করেছেন এবং তিনি যেন দায়িত্বের শেষ দিন পর্যন্ত সততা ও ঈমানের
সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন সে জন্য সবার কাছে দোয়া চান। একই সঙ্গে তিনি
আশা প্রকাশ করেন, তিনি যেন কুমিল্লার মুখ উজ্জ্বল করতে এবং তার মা-বাবার
সম্মান রক্ষা করতে পারেন।
অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, দীর্ঘ আন্দোলন ও
সংগ্রামের পর দেশের মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি নির্বাচন সম্পন্ন
করেছে এবং জনগণের ভোটে বিএনপি সরকার সংসদে গেছে। তিনি বলেন, জনগণ এখন
অন্যায়-অবিচারমুক্ত একটি সুন্দর সমাজ দেখতে চায় এবং সেই লক্ষ্যেই সরকার
বিভিন্ন ক্ষেত্রে সতর্কতার সঙ্গে দায়িত্বশীল ব্যক্তিদের নির্বাচন করছে।
কোভিড-১৯ মহামারির কঠিন সময়ের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, সেই সংকটময় সময়ে
অনেকেই যখন মানুষের পাশে দাঁড়াতে ভয় পেয়েছে, তখন ইউসুফ মোল্লা টিপুসহ একদল
তরুণ জীবন বাজি রেখে মানুষের পাশে দাঁড়িয়েছে। তাদের এই মানবিক উদ্যোগ
সত্যিই প্রশংসনীয়। তিনি বলেন, সেই সময় বিবেক সংগঠনটি মানবতার সেবায় যেভাবে
কাজ করেছে তা সত্যিই গর্বের বিষয়। কুমিল্লার সন্তান ইউসুফ মোল্লা টিপুর মতো
মানবপ্রেমী মানুষ এই অঞ্চলে জন্ম নিয়েছে—এটি কুমিল্লাবাসীর জন্য গৌরবের।
মন্ত্রী আরও বলেন, মানবিক কাজের এ উদ্যোগে বিভিন্ন সাংবাদিক, পত্র-পত্রিকা ও
সমাজের সচেতন মানুষ সহযোগিতা করেছেন, যা সমাজের জন্য ইতিবাচক দৃষ্টান্ত।
পবিত্র রমজান মাসে তিনি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন এমন সৎ, যোগ্য,
মেধাবী ও দূরদর্শী মানবপ্রেমী মানুষের সংখ্যা যেন সমাজে আরও বৃদ্ধি পায়।
ইফতার ও দোয়া মাহফিলে স্থানীয় রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
