ভোরের
শীত ও কুয়াশা উপেক্ষা করে কুমিল্লার মুরাদনগর উপজেলার আন্দিকুট ইউনিয়নের
সোনারামপুর কেন্দ্রীয় জামে মসজিদে সৃষ্টি হয়েছে এক ব্যতিক্রমী দৃশ্য। যুব
সমাজকে নামাজমুখী করতে মসজিদ কমিটির নেওয়া ‘ফজর ক্যাম্পেইন’-এর প্রভাবে
সেখানে ফজরের জামাত এখন তারুণ্যের মিলনমেলায় পরিণত হয়েছে। স্থানীয়রা একে
মাদক ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে এক ‘নীরব সামাজিক আন্দোলন’ হিসেবে
দেখছেন।
গত ২৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ উদ্যোগে প্রতিদিন ভোরে
বাড়ি বাড়ি গিয়ে তরুণদের নামাজে ডেকে আনছেন স্বেচ্ছাসেবীরা। বর্তমানে
প্রতিদিন গড়ে ১২০ জন মুসল্লি জামাতে অংশ নিচ্ছেন, যার মধ্যে ১০২ জনই এলাকার
যুবক। ক্যাম্পেইনের শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছেন মোস্তফা মোল্লা এবং
হাজিরা নিশ্চিত করছেন জাকির হোসেন মাস্টার। মসজিদের খতিব হাফেজ মাওলানা
ফয়সাল আহমদ মাহমুদীর দিকনির্দেশনায় উদ্যোগটি দিন দিন আরও প্রাণবন্ত হয়ে
উঠছে।
আয়োজকরা জানায়, নিয়মিত ইবাদতের ফলে যুবকরা মাদক ও আড্ডাবাজি থেকে
দূরে থাকছে এবং তাদের মধ্যে শৃঙ্খলা ও নৈতিকতা বিকশিত হচ্ছে। নিয়মিত
অংশগ্রহণকারী যুবকদের উৎসাহিত করতে বিশেষ উপহার হিসেবে প্রত্যেককে সেলাই
করা পাঞ্জাবি ও টুপি প্রদান করা হয়।
শুক্রবার ইফতার পূর্বে এক অনুষ্ঠানে
ফজর ক্যাম্পেইনে অংশ নেওয়া ১২০ জন মুসল্লির মাঝে পাঞ্জাবী ও টুপি বিতরণ
করা হয়। আন্দিকুট ইউপির সাবেক চেয়ারম্যান নোয়াব সরকারের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ সেবক নূর মোহাম্মদ সাইফুদ্দিন ওরফে
স্বপন সরকার। অনুষ্ঠানে বক্তারা বলেন, সোনারামপুরের এই উদ্যোগ সারা দেশের
যুব সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে একটি অনুকরণীয় মডেল হতে পারে।
