সোমবার ২৩ ফেব্রুয়ারি ২০২৬
১১ ফাল্গুন ১৪৩২
অর্থনীতি সচলে বিনিয়োগ বাড়াতে হবে
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫৪ এএম |

অর্থনীতি সচলে বিনিয়োগ বাড়াতে হবে
নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ গ্রহণের পরই তার সরকারের তিন অগ্রাধিকারের কথা ঘোষণা করেছেন। এগুলো হচ্ছে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নয়ন এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা। একই সঙ্গে সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশের অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে বেসরকারি খাতে আস্থা ফেরাতে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। ৫ আগস্টের পর দেশের অনেক কলকারখানা বন্ধ হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, মব কালচার গড়ে উঠেছে। তাই নতুন সরকারকে কালবিলম্ব না করে ভঙ্গুর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংস্কারের কাজে হাত দিতে হবে।
ব্যবসায়ীদের অভিযোগ, তাদের সঙ্গে আলোচনা না করে অন্তর্বর্তী সরকার অনেকটা এককভাবে আর্থিক খাতের বেশির ভাগ সিদ্ধান্ত নিয়েছে। পরে এসব সিদ্ধান্ত সংশোধন বা বাতিলের দাবি জানালেও সরকার আমলে নেয়নি। অর্থনীতিতে গতি আনতে নির্বাচিত সরকারকে এসব নীতি বাতিল বা সংশোধন করতে হবে। বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকার আর্থিক খাতে অনেক সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে। এসব সিদ্ধান্তের বেশির ভাগই বিনিয়োগবান্ধব নয়। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে নির্বাচিত সরকারকে এসব সিদ্ধান্ত সংশোধন বা বাতিলের পরামর্শ দিয়েছেন তারা।
অর্থনীতির বিশ্লেষক ও শিল্প খাতের সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে হবে। সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়নে একযোগে কাজ করতে হবে। চাঁদাবাজি বন্ধ করতে হবে। বাজার সিন্ডিকেটের কবল থেকে দেশকে মুক্ত করতে হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে হবে। বেকারত্ব দূর করতে হবে, এর জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। শিল্প খাতে বাজার সম্প্রসারণ করতে হবে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার সময় বাড়াতে হবে। ব্যবসায় খরচ কমাতে হবে। বন্দরের কাজে গতি আনতে হবে। অর্থ পাচার বন্ধ করতে হবে। ব্যাংকিং খাতের অস্থিরতা দূর করতে হবে। পুঁজিবাজারে আস্থা ফেরাতে হবে। দেশের মোট জনশক্তির অর্ধেকই নারী, তাই অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে। ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ বাড়লে সরকারের রাজস্ব আদায় বাড়বে। আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে হবে। বৈরিতা নয়, ন্যায্যতা ও সম্মানের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখতে হবে। বাংলাদেশের পণ্যের বাজার সম্প্রসারণের জন্য স্বল্প শুল্কে কার্যকর প্রবেশাধিকার নিশ্চিত করতে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে হবে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যৌথ বিনিয়োগ, শিল্প পার্ক স্থাপন এবং ট্রান্সশিপমেন্ট সুবিধা সম্প্রসারণের মাধ্যমে অর্থনৈতিক কূটনীতি আরও কার্যকর ও পারস্পরিক লাভজনক করতে করণীয় ঠিক করতে হবে। 
বিনিয়োগকারীদের মধ্যে যে রাজনৈতিক অনিশ্চয়তা ছিল, সেটা নির্বাচনের মাধ্যমে অনেকটাই কেটে গেছে। নির্বাচিত সরকার বিনিয়োগের বাধাগুলো দূর করতে প্রয়োজনীয় উদ্যোগ নেবে। সরকারের প্রথম ১০০ দিনের মধ্যে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা উচিত। এতে নির্বাচনি ইশতেহারের স্বচ্ছতার বহিঃপ্রকাশ ঘটবে। একই সঙ্গে নতুন বিনিয়োগের কর অবকাশ বা প্রণোদনার ঘোষণা এলেও সেগুলো পেতে যেন দুর্ভোগ পোহাতে না হয়, সে নিশ্চয়তা দিতে হবে নতুন সরকারকে। ব্যবসায়ে চাঁদাবাজি বন্ধে কঠোর নির্দেশনা দিয়ে সতর্ক করতে হবে। কর ও শুল্কনীতিতে ঘন ঘন পরিবর্তনের কারণে ব্যবসায়ীদের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। দীর্ঘসূত্রতা ও প্রশাসনিক জটিলতায় বিনিয়োগের গতি হারিয়েছে। অনেক দিন ধরেই দেশে বিনিয়োগে খরা চলছে। এতে দেশি-বিদেশি কোনো উদ্যোক্তাই বিনিয়োগে আগ্রহী হচ্ছেন না। তাই নতুন সরকারকে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ সুরক্ষায় বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন করতে হবে। দেশে গত কয়েক বছর ধরেই সাধারণ মানুষ উচ্চমূল্যস্ফীতির চাপে রয়েছে। অন্তর্বর্তী সরকার এ বিষয়টিকে অগ্রাধিকার দিলেও সফল হতে পারেনি। নিত্যপণ্যের দাম বছরজুড়ে বাড়তি ছিল। এতে সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনযাত্রার ব্যয়ও বেড়েছে। বিএনপি নির্বাচনের আগে সামাজিক সুরক্ষা হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফসহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়েছে। এটি একটি আশার কথা। তবে এ ধরনের কর্মসূচি যত দ্রুত চালু করতে পারবে, ততই মানুষের কল্যাণ নিশ্চিত হবে। জনপ্রত্যাশা পূরণে নতুন সরকার সফল হোক, সেটাই প্রত্যাশা।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
অতনূর বান
অর্থনীতি সচলে বিনিয়োগ বাড়াতে হবে
এখতিয়ারবহির্ভূত সড়ক ইজারা দিয়েছে কুমিল্লা জেলা পরিষদ
ভাষাশহীদদের প্রতি কুমিল্লায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
বাংলাদেশ দোকান মালিক সমিতি কুমিল্লা জেলার শাখার কার্যকরী কমিটি গঠন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রথম প্রয়োরিটি কুমিল্লা বিভাগ বাস্তবায়ন
কুবিতে হলে ডুকে ছাত্রদল নেতা কর্তৃক শিক্ষার্থীকে মারধর
প্রথম প্রহরে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় মানুষের ঢল
বরুড়ায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন গণ সংবর্ধনা প্রদান
অমর একুশে আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২