সৈয়দ মুজিবুর রহমান দুলাল।।
কুমিল্লা-৯
(লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনে সদ্য নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও
বিএনপির কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম বলেছেন, পদ পদবির
ঊর্ধ্বে হলো মানুষ, আর সবার ঊর্ধ্বে বাংলাদেশ। আমার রাজনীতির লক্ষ্য কখনোই
অর্থ বা ক্ষমতা নয়; আমার একমাত্র অঙ্গীকার মানুষের কল্যাণ, ন্যায় ও উন্নয়ন।
আমি মানুষের স্বার্থ ও মর্যাদা রক্ষায় দায়িত্ববোধ এবং দায়বদ্ধতা নিয়ে কাজ
করে যাবো। মানুষের প্রত্যাশাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তা বাস্তবায়নের
চেষ্টা করবো। দল-মত-নির্বিশেষে লাকসাম ও মনোহরগঞ্জের প্রতিটি মানুষের পাশে
থাকবো।
রবিবার (২২ ফেব্রুয়ারি) উপজেলার কান্দিরপাড় ইউপি প্রাঙ্গণ মাঠে
বিএনপি ও অঙ্গসংগঠন কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন
শ্রেণি-পেশার মানুষ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময়
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয়
আসন থেকে সদ্য নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মো. আবুল কালাম এসব কথা বলেন।
তিনি
বলেন, ‘আলহামদুলিল্লাহ, জনগণের ঐতিহাসিক রায়ে কুমিল্লা-৯ আসনে জাতীয় সংসদ
সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি। এই বিজয় কোনো ব্যক্তিগত সাফল্য নয়, এটি এই
আসনের সর্বস্তরের মানুষের ভালোবাসা, বিশ্বাস ও আস্থার বিজয়।
তিনি আরো
বলেন, ‘দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রতিটি সংগ্রাম, ত্যাগ ও পথচলার মূল্যায়ন আজ
আপনারা ভোটের মাধ্যমে করেছেন। আপনাদের অকুণ্ঠ সমর্থন, আন্তরিকতা ও দোয়া
আমাকে গভীরভাবে অভিভূত করেছে। আমি কৃতজ্ঞ মহান আল্লাহর দরবারে, কৃতজ্ঞ আমার
প্রিয় লাকসাম ও মনোহরগঞ্জবাসীর কাছে। এই বিজয়ের মধ্য দিয়ে আমার জীবনে শুরু
হলো নতুন অধ্যায়, নতুন দায়িত্ব ও নতুন অঙ্গীকার।
মো. আবুল কালাম বলেন,
‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি, দল-মত-নির্বিশেষে লাকসাম ও মনোহরগঞ্জের প্রতিটি
মানুষের পাশে থাকবো। শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, অবকাঠামো উন্নয়ন ও
মানবিক সহায়তায় একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ লাকসাম ও মনোহরগঞ্জ গড়ে তুলতে
সর্বশক্তি দিয়ে কাজ করবো।’
তিনি দলমত নির্বিশেষে সকল মানুষের সেবা করার
অঙ্গীকার ব্যক্ত করে বলেন, যে কোনো সমস্যা-সংকট নিয়ে আমার নির্বাচনী এলাকার
মানুষ আমার সঙ্গে মন খুলে কথা বলতে পারবেন। এখানে কোনো ধরণের দলীয় বিবেচনা
বা স্বজনপ্রীতি হবে না। এ সময় তিনি ফুলেল শুভেচ্ছা জানানোর জন্য লাকসাম
উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার
মানুষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এ সময় অন্যান্যদর মধ্যে
উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান বাদল, উপজেলা বিএনপির যুগ্ম
সাধারণ সম্পাদক মো. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশু,
কান্দিরপাড় ইউপি'র সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা
মোহাম্মদ আলী, বিএনপি নেতা আবুল হাসেম সওদাগর, মিজানুর রহমানসহ বিভিন্ন
ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিএনপি ও অঙ্গসংগঠনের
নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আবুল কালাম বলেন, আপনারা আমাকে
যে বিশ্বাসের আমানত দিয়েছেন, তা রক্ষা করাই হবে আমার সর্বোচ্চ
অগ্রাধিকার। গণতন্ত্রে সহনশীলতাই হলো মূখ্য। আমার প্রতিপক্ষকেও একই সম্মান ও
মর্যাদা দিয়ে নিরাপদ রেখে কল্যাণমুখী সমাজ ও দেশ গড়তে আমরা সবাই একসঙ্গে
কাজ করবো।’
তিনি বলেন, ‘সাম্যের লক্ষ্য নিয়ে জীবনে যে রাজনীতি শুরু
করেছিলাম সেই রাজনীতির মাধ্যমে মানুষকে সব বৈষম্য, শোষণ, অনাচার ও অবিচার
থেকে রক্ষা করায় ছিলো একমাত্র ব্রত। আমাদের সবার মাঝে নীতি ও নৈতিকতার
চর্চা থাকতে হবে।
এদিন সকাল থেকেই উপজেলার বাকই, কান্দিরপাড়
(উত্তর-দক্ষিণ), লাকসাম (পূর্ব), আজগরা, উত্তরদা, গোবিন্দপুর (উত্তর),
গোবিন্দপুর (দক্ষিণ) মুদাফরগঞ্জ (দক্ষিণ) ইউনিয়নে নির্বাচনত্তোর
গণসংযোগকালে ওইসব ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন
শ্রেণি-পেশার মানুষ আনুষ্ঠানিক ভাবে সদ্য নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মো.
আবুল কালামকে ফুলেল শুভেচ্ছা জানান।
জাতীয় সংসদ সদস্য মো. আবুল কালাম
ওইদিন উপজেলার ৮টি ইউনিয়নে গণসংযোগ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত সবার
কাছে দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করে বলেন, আপনারা দোয়া করবেন, যেন
সংসদ সদস্য হিসেবে সততা, নিষ্ঠা, জবাবদিহি ও স্বচ্ছতার সঙ্গে এই আসনের
জনগণের সেবায় নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত রাখতে পারি।
