সোমবার ১৬ ফেব্রুয়ারি ২০২৬
৪ ফাল্গুন ১৪৩২
দৃপ্ত-দৃঢ় পদক্ষেপে পথচলা শুরু হোক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৪ এএম |

দৃপ্ত-দৃঢ় পদক্ষেপে পথচলা শুরু হোক
শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন শেষে ফলাফল প্রকাশিত হয়েছে। এই ফল যদিও বেসরকারি, তবে পরে তা গেজেট আকারে প্রকাশিত হলে চূড়ান্ত ফল হিসেবে গণ্য হবে। ফলাফলের গতিপ্রকৃতি অনুসারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনের ম্যাজিক ফিগার অর্জন করে ফেলেছে। সর্বশেষ খবরে দেখা যায়, দলটি দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ঘোষিত ২৯৭টি আসনের মধ্যে মিত্রদলসহ তারা পেয়েছে ২১২টি আসন। জামায়াতসহ অন্য দুটি দল ও স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছে অবশিষ্ট ৮৫টি আসনে।
বিএনপির ভূমিধস জয় নিঃসন্দেহে অভাবনীয় এবং আমাদের নির্বাচনি ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। স্বাভাবিকভাবেই এখন প্রত্যাশা করা যায় যে, আগামী কয়েক দিনের মধ্যে সরকার গঠন প্রক্রিয়া শুরু হবে। বিএনপির নেতৃত্বে গঠিত হবে নতুন সরকার। সেই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিএনপির ষাট বছর বয়সী চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে আমরা তাকে অগ্রিম অভিনন্দন জানাচ্ছি।
গণমাধ্যম সূত্রে ইতোমধ্যে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ভোট প্রদানের ক্ষেত্রে ভোটারদের উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে প্রদত্ত ভোটের হার ছিল ৫৯ দশমিক ৪৪ শতাংশ। গণভোটে হ্যাঁ-এর পক্ষে ভোট পড়েছে ৬৮ শতাংশ আর না-এর পক্ষে ৩২ শতাংশ। তবে এসব ছাপিয়ে যে বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তা হলো, এবার অবাধ ও মুক্ত পরিবেশে ভোটাররা তাদের ইচ্ছামতো ভোট দিতে পেরেছেন। জাল ভোট বা কেন্দ্রে বিশৃঙ্খলার যে অভিযোগ এসেছে তা সামান্যই। প্রাণহানির খবরও ছিল না। তবে বিপত্তি দেখা দেয় গণভোট নিয়ে; গণভোটের ব্যালটে টিক ও ক্রস–দুটি চিহ্ন থাকায়। জীবনে প্রথম ভোট দিতে গিয়ে অনেকেই ব্যালট হাতে নিয়ে ভেবেছেন তাদের ভোট দেওয়া হয়ে গেছে। চিহ্ন থাকার এই বিষয়টি আগে প্রচারের মাধ্যমে ভোটারদের অবহিতও করা হয়নি। প্রকৃতপক্ষে সরকার হ্যাঁ-এর পক্ষ নেওয়ায় গণভোট নিয়ে এমন একধরনের বিভ্রান্তি দেখা দেয় যা ভোট দেওয়া পর্যন্ত অব্যাহত ছিল। ভোটারদের প্রতিক্রিয়া থেকেও অনেকেই এ নিয়ে গণমাধ্যমের কাছে অসন্তুষ্টি প্রকাশ করেছেন।
নির্বাচন-উত্তর পরিবেশে দেশ এখন পরিপূর্ণ গণতান্ত্রিক ধারায় অগ্রসর হবে, এমনটাই সবার প্রত্যাশা। একথা স্পষ্ট করেই বলা যায়, জুলাই আন্দোলনের পর গত ষোল মাসে দেশের মানুষ স্বস্তিতে ছিলেন না। মব-সন্ত্রাস, নিরাপত্তাহীনতা, মূল্যস্ফীতি, আইনশৃঙ্খলার অবনতি, নারী নির্যাতন, শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা, বেকারত্ব, শ্রমিকদের চাকরিচ্যুতি, ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, বিনিয়োগের অভাব– এরকম অসংখ্য সংকট তীব্র থেকে তীব্রতর হয়েছে। সামগ্রিকভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার গেছে কমে। সুশাসনের অভাব মানুষের জীবনকে বিপন্ন করেছে। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর আশা করা যায় এই দিকগুলোর প্রতি নজর দেবে। কীভাবে দেশকে স্থিতিশীল করে জনজীবনে স্বস্তি আনা যায়, অর্থনীতিকে গতিশীল করা যায়, সেসব বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে। 
যেকোনো নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশা থাকে আকাশচুম্বী। নির্বাচনের সময় জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে বিএনপির নেতৃত্বাধীন সরকার দ্রুত এগিয়ে আসবে বলে আমরা আশা করছি।
জনজীবনে স্বস্তি আনার পাশাপাশি গণতান্ত্রিক চর্চাতেও সরকারকে উদ্যোগী হতে হবে। অন্তর্বর্তী সরকারের আমলে ঢালাওভাবে মামলা করে সাংবাদিকসহ বিরোধী রাজনৈতিক নেতাদের মাসের পর মাস যেভাবে কারাগারে আটকে রাখা হয়েছে, জামিন দেওয়া হয়নি, তার সুরাহা হওয়া প্রয়োজন। আইন নিজের গতিতে চলবে এটা যেমন সত্য, তেমনি আইনি পদক্ষেপকে গতিশীল করাও রাষ্ট্রের নির্বাহী বিভাগের দায়িত্ব। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এসব গুরুত্বপূর্ণ। রাজনৈতিক অধিকারের বিষয়টিও কীভাবে নিশ্চিত করা যায়, নতুন সরকারকে সে ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। দেশি ও আন্তর্জাতিক সংস্থাগুলো এ নিয়ে বিভিন্ন সময়ে বিবৃতি দিয়েছে। বিদায়ী সরকার তা নিয়ে খুব একটা মাথা ঘামায়নি। কিন্তু নির্বাচিত সরকারের কাছে মানুষের স্বাভাবিক প্রত্যাশা থাকবে তারা সুশাসনের বিষয়গুলো নিশ্চিত করবে। সরকার তার যাবতীয় করণীয় বিষয়কে ‘আশু’ এবং ‘দীর্ঘমেয়াদি’ অংশে ভাগ করে একটা রোডম্যাপ প্রণয়ন করে অগ্রসর হলে জনজীবনে স্বস্তি আসবে।
আগামী কয়েক দিন দেশের মানুষের চোখ থাকবে সরকার গঠনের দিকে। এরপর দৃষ্টি থাকবে সরকারের কাজের প্রতি। দৃপ্ত-দৃঢ় পদক্ষেপে শুরু হোক বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারের পথচলা।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় ৮৩ প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৫৯ জন
ভোটের গেজেট: অভিযোগ থাকলে হাই কোর্টে যেতে বলল ইসি
আগামীর বাংলাদেশ হবে জামায়াতে ইসলামীর -মাওলানা আব্দুল হালিম
তারেক রহমানের সাথে দেখা করলেন হাজী ইয়াছিন , জানালেন শুভেচ্ছা
নির্বাচনকে পুঁজি করে দুই থেকে তিন গুণ ভাড়া বৃদ্ধি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় প্রথম নির্বাচনেই ৫ জনের বাজিমাত
তৃতীয়বার স্বতন্ত্রের জয়, উপজেলা সদরে ‘প্রথম’ এমপি শাওন
কুমিল্লা নিউমার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির আংশিক কমিটি অনুমোদন
‘পররাষ্ট্রনীতি হবে দেশের স্বার্থ ঠিক রেখে’
সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২