ইসমাইল নয়ন।।
সদ্য
সম্পন্ন হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫
(ব্রাহ্মণপাড়া-বুড়িচং) আসন থেকে হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিএনপি প্রার্থী
মো. জসিম উদ্দিনের সঙ্গে পরাজিত হওয়া জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী
অ্যাডভোকেট ড. মোবারক হোসাইন ভোটার ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৯টায় তিনি তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে এই পোস্ট দেন।
জামায়াত
প্রার্থী ও শিবিরের সাবেক এই কেন্দ্রীয় সভাপতি তিনি তার দেওয়া পোস্টে
লিখেছেন, 'এক লক্ষ চব্বিশ হাজার চারশ সাতচল্লিশ জন মানুষ কুমিল্লা-৫
পরিবর্তনের জন্য দাঁড়িপাল্লায় ভোট দিয়েছেন। এতো মানুষের আস্থা, বিশ্বাস,
ভালোবাসা পেয়েছি, আলহামদুলিল্লাহ্।
তিনি লিখেছেন, 'বিগত দিনগুলোতে
'ইনসাফের' প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে আপনারা যে অক্লান্ত পরিশ্রম ও ত্যাগ
স্বীকার করেছেন সেজন্য আমি আপনাদের নিকট চিরঋণী। আমি আমার সাধ্যের
সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। আপনাদের এই ভালোবাসা ও সমর্থন আমাকে আজীবন
অনুপ্রাণিত করবে।'
তিনি আরও লিখেছেন, 'ফলাফল যাই হোক না কেন কুমিল্লা-৫
(বুড়িচং-ব্রাহ্মণপাড়া) এর মানুষের কল্যাণে আমার সকল সেবা ও প্রচেষ্টা
বরাবরের মতোই অব্যাহত থাকবে। আমি সবসময় আপনাদের পাশে আছি এবং থাকব। আপনাদের
প্রতি গভীর কৃতজ্ঞতা। আমাকে দোয়া ও ভালোবাসায় রাখবেন।'
