তানভীর দিপু:
বিএনপি
সরকার সবার আগে সর্বক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠা, অর্থনৈতিক উন্নয়ন ও
দুর্নীতি দমন করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও
কুমিল্লা -১ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ড. খন্দকার
মোশাররফ হোসেন। নির্বাচনের পর দিন শুক্রবার দুপুরে সাংবাদিকদের সাথে মত
বিনিময় কালে তার প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
ড. খন্দকার মোশাররফ
হোসেন এ নিয়ে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হলেন। তিনি কুমিল্লা-১
দাউদকান্দি মেঘনা আসনে ১ লাখ ৪১ হাজার ৪৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি
এর আগে বিএনপি সরকারের স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো
গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।
ড. খন্দকার মোশাররফ
হোসেন আরো বলেন, বিএনপিকে ভোট দিয়ে জয়ী করার জন্য সারা বাংলাদেশের মানুষকে
অভিনন্দন জানাই। গত ১৭ বছর জনগণ ইচ্ছামত ভোট দিতে পারেনি। এবার তারা তাদের
নিজের ইচ্ছায় ভোট দিয়ে বিএনপিকে জয়ী করেছে। জনগণ আমাদেরকে দুই তৃতীয়াংশ ভোট
দিয়ে সংসদের পথে বিজয়ী করেছে। আমাদের নির্বাচনে ইস্তেহার আছে, আমাদের
রাষ্ট্র মেরামত কর্মসূচির একত্রিশ দফা আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান
এবং বেগম খালেদা জিয়ার বাংলাদেশ বিনির্মানে উদ্যোগ এবং তারেক রহমান মানুষের
জন্য যে উন্নয়ন করতে চান আমরা সরকারে গেলে তা বাস্তবায়ন করবো।
তিনি
বলেন, সরকার পরিচালনায় দুর্নীতিকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে, দেশে একটি
সাম্য ও বৈষম্যহীন পদক্ষেপ রাষ্ট্র পরিচালনায় গ্রহণ করবো। আমরা অর্থনীতি-
স্বাস্থ্যনীতিতে বাংলাদেশের মানুষ যে বৈষম্যের শিকার হয়েছে সেগুলো আমরা
দূরীভূত করার চেষ্টা করব। সরকার গঠনে এটি পরিষ্কার যে দুই তিন অংশ গরিষ্ঠতা
দিয়েছে আমাদের জনগণ।আমরা বিএনপি থেকে সরকার গঠন করব এবং এই সরকারের
উদ্দেশ্য হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ এবং উদ্দেশ্য ছিল
তা বাস্তবায়ন করা। বেগম খালেদা জিয়ার দূরদর্শিতার বাস্তবায়ন করা। তারেক
রহমানের ঘোষিত একত্রিশ দফার বাস্তবায়নসহ এসব কিছুর সমন্বয়েই বাংলাদেশের
উন্নয়ন করা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১ টি আসনের মধ্যে
আটটি আসনের জয় পেয়েছে বিএনপি। একটি আসনে স্বতন্ত্র হিসেবে বিএনপি নেতা জয়
পেয়েছেন। এছাড়া আরো দুইটি আসনে ১১ দলীয় জোটের দুই প্রার্থী বিজয় হয়েছেন।
