প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৮ এএম আপডেট: ১২.০২.২০২৬ ১:০৩ এএম |

কুমিল্লার
দেবিদ্বারে অন্য দলে ভোট দিলে বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকির প্রেক্ষিতে
বিএনপি'র বহিষ্কৃত নেতা মনজুরুল আহসান মুন্সীকে আদালতে তলবের পর আদালতে
উপস্থিত হয়ে লিখিত বক্তব্য পেশ করেছেন তিনি।
বুধবার (১১ ফেব্রুয়ারি)
বেলা আড়াইটার দিকে দেবিদ্বার সংসদীয় আসনের দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল
ম্যাজিস্ট্রেট কুমিল্লা সিনিয়র সিভিল জজ (বিচারিক ও অনুসন্ধান কমিটি)
তাফরিমা তাবাসুমের আদালতে হাজির হয়ে লিখিত বক্তব্য পেশ করেন মঞ্জুরুল।
সেখান
থেকে বের হয়ে বিকাল তিনটার দিকে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে কথা
বলেন মনজুরুল আহসান মুন্সির আইনজীবী ব্যারিস্টার এবিএম হামিদুল মিসবাহ।
সাংবাদিকদের
তিনি বলেন, 'আমরা আদালতকে বলেছি, মনজুরুল আহসান মুন্সির যে ভিডিও বক্তব্য
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা পুরোপুরি সত্য নয়। এ বক্তব্যের
ফরেনসিক টেস্ট করা প্রয়োজন। তখন আদালত বলেছেন, আপনার বিষয়ে নানা ধরনের
অভিযোগ পাচ্ছি আপনার সতর্ক থাকা প্রয়োজন।'
পরে আদালত থেকে আইনজীবী ও পরিবারের সদস্যদের সাথে নিয়ে বের হয়ে যান মনজুরুল আহসান মুন্সী।
প্রসঙ্গত,
কুমিল্লা ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান
মুন্সি। ঋণ খেলাপির দায়ে তার প্রার্থিতা বাতিল হয়ে যায়। পরে ওই আসনে
গণধিকার পরিষদের প্রার্থী জসীমউদ্দীনকে সমর্থন দেয় বিএনপি। সেই
জসীমউদ্দীনের নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে 'ভোট না দিলে বাড়িঘর
পুড়িয়ে দেওয়ার হুমকি'সহ অন্যান্য অভিযোগের প্রেক্ষিতে মনজুরুল আহসান
মুন্সিকে আদালতে তলব করা হয়। এছাড়াও একই অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বিএনপি থেকেও বহিষ্কার করা হয়ে তাকে।