
আগামীকাল
সাফ অনূর্ধ্ব-১৯ নারী টুর্নামেন্টের ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচের
আগের দিন সব দলই অনুশীলনে ব্যস্ত থাকে। কিন্তু বাংলাদেশ দল বাধ্য হয়ে
অনুশীলন বাতিল করেছে।
নেপালের পোখরায় চলছে সাফ অ-১৯ নারী টুর্নামেন্ট।
এই ভেন্যুর মাঠ অত্যন্ত নিম্নমানের। এ নিয়ে বাংলাদেশ দলের ব্রিটিশ কোচ
পিটার বাটলার প্রথম ম্যাচের পরই অভিযোগ তুলেছিলেন। আজ ফাইনালের আগে অনুশীলন
মাঠ নিয়েও অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘দুর্ভাগ্যবশত আমরা যতটা সম্ভব
অনুশীলন সীমিত রাখার চেষ্টা করেছি, কারণ মাঠের কন্ডিশন। আমি জানি অন্য
দেশগুলোও মাঠ নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছে।’
মাঠ খারাপ থাকায়
ইনজুরির ঝুঁকি থাকে। বাংলাদেশ দলে বড় ধরনের কোনো চোট নেই। এরপরও কয়েকজনের
সামান্য ব্যথা নিয়ে ভাবনায় কোচ বাটলার, ‘আমরা বেশ কিছু চোট পেয়েছি। আমার
প্রথম এবং মূল লক্ষ্য হল ফিট খেলোয়াড়দের একটি দলকে মাঠে নামানো।’
বাংলাদেশ
রাউন্ড রবিন লিগে ২-০ গোলে ভারতকে হারিয়েছে। অন্য ম্যাচের চেয়ে ফাইনাল
ভিন্ন, তাই কোচ সেই জয় মাথায় রাখছেন না। আগামীকাল নতুন করে পরিকল্পনা
সাজাচ্ছেন, ‘আমার একটা মোটামুটি ধারণা আছে, তারা (ভারত) কীভাবে খেলবে, সে
ইঙ্গিতটা পেয়েছি। আমি বলতে চাইছি, তাদের কিছু ভালো খেলোয়াড় আছে, এতে
কোনো সন্দেহ নেই। আমাদের সেরা মানে ও সতেজ থাকতে হবে এবং বাস্তবিক অর্থে
খেলার জন্য প্রস্তুত থাকতে হবে।’
সাফের বয়সভিত্তিক নারীদের এই
প্রতিযোগিতা অ-১৮ থেকে অ-২০ পর্যায়ে মোট ছয়বার হয়েছে। বাংলাদেশ চারবার এবং
ভারত একবার এককভাবে হয়েছে চ্যাম্পিয়ন। ২০২৪ সালের আসরে যৌথভাবেও সেরা
হয়েছিল দুই দল। ঢাকায় অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে ম্যাচ কমিশনারের টস কান্ডে
সাফ শেষ পর্যন্ত ট্রফি ভাগাভাগি করতে বাধ্য হয়।
