
কুমিল্লা-৪
দেবিদ্বার আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিল
হওয়ার পর জোটের প্রার্থী গণধিকার পরিষদের জসিম উদ্দিনকে সমর্থন দিয়েছে
স্থানীয় বিএনপি। কেন্দ্র থেকে মৌখিক নির্দেশনার পর বিএনপির নেতাকর্মীরা ১২ই
ফেব্রুয়ারি ভোটে জসীমউদ্দীনের ট্রাক প্রতীকের পক্ষে কাজ করতে আহ্বান
জানিয়েছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী।
নেতাকর্মীদের উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় তারেক মুন্সী জানান, 'আমরা
কেন্দ্র থেকে মৌখিকভাবে নির্দেশিত হয়েছি- যেন জসিম উদ্দিনের ট্রাক মার্কার
পক্ষে কাজ করি।'
এরই মধ্যে গণঅধিকার পরিষদের প্রার্থীর সাথে
নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করেছেন মঞ্জুরুল আহসান মুন্সী। সে বৈঠকে তিনি
সবাইকে ট্রাক প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান বলে জানা গেছে।
এদিকে
ধানের শীষ নির্বাচনে অংশ নিতে না পারায় চরম হতাশা বিরাজ করছে দেবিদ্বারের
বিএনপি নেতাকর্মীদের মাঝে। এমনকি আসনটি থেকে ধানের শীষের প্রতীক বাদ পড়ায়
ক্ষোভ জানিয়েছেন জেলা বিএনপি নেতৃবৃন্দ। দীর্ঘ ষোলো বছর আন্দোলন সংগ্রাম ও
নির্বাচনবিহীন রাজনৈতিক সময় পার করার পর এসে নিজের রাজনৈতিক দল নির্বাচনে
অংশ নিতে না পারার ক্ষোভও প্রকাশ করছেন অনেকে।
সুপ্রিম কোর্ট আপিল
বিভাগের রায়ে কুমিল্লা ৪ আসন থেকে বিএনপি প্রার্থী মনজুরুল আহসান মুন্সির
মনোনয়নপত্রের বৈধতা ফিরে পাওয়ার আপিলটি খারিজ হয়ে যায়। এতে ত্রয়োদশ জাতীয়
সংসদ নির্বাচনে আসনটিতে বিএনপি'র প্রার্থীতা শূন্যতা দেখা দিয়েছে। মনজুর
আহসান মুন্সির মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে আপিল করেন একই আসনের এনসিপির
প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব
এএফএম তারেক মুন্সী জানান, আমরা হতাশ এবং ক্ষুব্ধ। দেবিদ্বার বিএনপির
ঘাঁটি। কিন্তু বিএনপির মত বড় দলের প্রার্থিতা না থাকায় আসনটিতে চরম হতাশা
বিরাজ করছে। তবে আমরা চেষ্টা করব এই হতাশা থেকে শক্তি নিয়ে দলকে আরো সংঘটিত
করার।
মনজুরুল আহসান মুন্সির মনোনয়নপত্রের বৈধতা বাতিল হওয়াকে তিনি
প্রার্থীর অসতর্কতা উল্লেখ করে বলেন, তিনি যে ঋণ খেলাপির তথ্য গোপন করায়
বিচারের মুখোমুখি হয়েছেন, সে বিষয়টি তিনি আগে থেকেই খেয়াল করলে, কিংবা যে
আইনজীবী পূরন করেছে তিনি সেটা খেয়াল করলেই এই ক্ষতি হত না। অনেকেই এমন
খেলাপির বিষয় সুরাহা করে প্রার্থীতা পেয়েছেন।
বিএনপি সমর্থক
দেবিদ্বারের বাসিন্দা এএসম মাসুদ রানা বলেন, দেবিদ্বার পুরো চুপচাপ।
বিএনপির নেতাকর্মীরা হতাশ। কে কি করবে এখনো জানে না। এতদিন মামলা হামলা
সহ্য করে কি লাভ হলো?
উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ গিয়াস উদ্দিন বলেন,
এটা আমাদের দুর্ভাগ্য দেবিদ্বারে ধানের শীষ প্রতিকে কেউ নির্বাচন করতে
পারছে না।আমাদের নেতাকর্মীরা ক্ষুব্ধ ও ব্যথিত।আমরা মনে করি কেন্দ্রিয়
বিএনপি যথাযোগ্য মানুষকে ধানের শীষ দিতে পারে নি।যারা বিগত সময় জেল খেটেছ
হামলার শিকার হয়েছে- তাদের কান্না এখন আমাদের শুনতে হচ্ছে।
কুমিল্লা
উত্তর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ভিপি রেজাউল করিম শাহিন বলেন,
আমরা যৌবনের শ্রেষ্ঠ সময় ধানের শীষ বুকে ধারন করে জেল খেটেছি। কিন্তু আমরা
চার লাখ ভোটার কেন ধানের শীষ পেলাম না কেন্দ্রীয় বিএনপির কাছে জানতে চাই?
বিগত ষোলো বছর নির্যাতিত হয়ে কি পেলাম?
উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী
মাসুদ হাসান বলেন, আমরা উপজেলা ও পৌর বিএনপি সকল ইউনিটের সাথে বসেছিলাম।
আমরা নির্দেশনা পেয়েছি এবং জানিয়েছি আমরা ট্রাক মার্কার পক্ষে কাজ করবো।
এই
আসন থেকে বর্তমানে প্রতিদ্বন্দিতা করবেন ১১ দলীয় ঐক্যের প্রার্থী এনসিপি
নেতা হাসনাত আব্দুল্লাহ ও গনঅধিকার পরিষদের জসিম উদ্দিনসহ চারজন।
