নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থীদেরকে ভোট দেওয়ার জন্য মানুষ উদগ্রীব হয়ে অপেক্ষায় আছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ইতোমধ্যেই নীরবে বিপ্লব ঘটে গিয়েছে; মানুষ প্রস্তুত হয়ে আছে ১১ দলের প্রার্থীদেরকে ভোট দিতে। চাঁদাবাজি-দখলবাজির হাত থেকে ব্যবসায়ীরা মুক্তি চায়, দেশের মানুষ শান্তি চায়। আপনারা জানেনও না, যারা বিরোধী দলে আছে, তাদের কর্মীরাও ১১ দলীয় জোটের প্রার্থীদেরকে ভোট দিতে চায়। সুতরাং চিন্তার কোনো কারণ নেই। ১২ তারিখে ১১ দলীয় জোটের ঐক্যবদ্ধ প্রার্থীরা বিজয়ী হয়ে সবাই মিলে আমরা সংসদে যাবো।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা -৫ নির্বাচনী এলাকার ব্রাহ্মণপাড়া উপজেলা চান্দলা হাইস্কুল মাঠে ১১ দলীয় জোটের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন।
জনসভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এই মুহূর্ত থেকে ভোটের দিন পর্যন্ত আপনাদের কাজ হচ্ছে মানুষের ঘরে ঘরে আমাদের বার্তা পৌঁছে দেওয়া। আজকে যত জনের কাছে গিয়েছেন আগামীকাল তার থেকে আরো ১০ জনের কাছে বেশি যাবেন । আগের দিনের থেকে পরের দিন এক ঘন্টা বেশি কাজ করবেন। আপনাদের ঘুম এবং আরাম বাদ দিতে হবে। তাদের কাছে পৌঁছাতে হবে। কারণ আপনারা জানেনও না, যারা আপনার বিরোধী দলে আছে, তাদের কর্মীরাও আপনাদেরকে ভোট দিতে চায়। কারণ তারা জানে তারা যে চাঁদাবাজিটা করে এই চাঁদাবাজির পার্সেন্টেজ নেতার কাছে পৌঁছে দিতে হয়। তাদেরকে মান্থলি টার্গেট দেওয়া হয় । এই টার্গেটের কাছে তারা নিজেরাই মাঝে মাঝে ফেল করে। তারা এসে আমাদেরকে জানায় ভাই আর পারতেছিনা । যেহেতু দলটা অনেকদিন করি সেহেতু এখানে থাকতে হয়। আপনাদেরকে তাদের কাছেও দাওয়াত পৌঁছাই দিতে হবে।
এ নির্বাচনী জনসভায় কুমিল্লা-৫ (বুড়িচং ব্রাহ্মণপাড়া) আসনের জামাতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মোবারক হোসেন ছাড়াও জোটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা সুন্দর-স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আগামী সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থীদেরকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।
