কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দিন জসিমের পক্ষে ভোট চেয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে দুলালপুর মধ্যপাড়া এলাকায় এ বৈঠকের আয়োজন করা হয়। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান রিপন ভূইয়া। তিনি বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির প্রার্থী জসিম উদ্দিন জসিমকে বিজয়ী করার বিকল্প নেই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সহসভাপতি ও ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. তাহমিনা হক পপি।
তিনি বলেন, নারী সমাজের অধিকার ও মর্যাদা রক্ষায় বিএনপি সব সময় সোচ্চার। তাই আসন্ন নির্বাচনে নারী ভোটারদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য আবুল কালাম মেম্বার, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু কাউসার, কেন্দ্রীয় ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মোসা. উর্মি আক্তার ভূইয়া এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাজী আলাউদ্দিন।উঠান বৈঠকটি সঞ্চালনা করেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. দ্বীন ইসলাম মৈশান।
এ সময় আরও উপস্থিত ছিলেন দুলালপুর ইউনিয়ন বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মো. আজাদ মিয়া, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. অলি উল্লাহ মৈশান, বিএনপি নেতা সার্জেন্ট (অব.) আবুল খায়ের, হাজী আবু তাহের, উপজেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক শিল্পী, সদস্য দুলালপুর ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য ময়না আক্তার, মরিয়ম আক্তার, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সেলিম সরকার, আমিন মৈশান, সাবেক মহিলা ইউপি সদস্য কামরুন্নাহার, ইউনিয়ন মহিলা দলের নেত্রী লিপি আক্তারসহ উপজেলা, ইউনিয়ন ও স্থানীয় মহিলা দলের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা।
উঠান বৈঠকে নারী ভোটারদের উদ্দেশে বক্তারা বলেন, দেশের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনে নারীদের ভূমিকা দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে নারীরা যে অবদান রাখছেন, তা রাষ্ট্রীয় স্বীকৃতি ও প্রতিনিধিত্ব পাওয়ার দাবি রাখে। এই প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ভোটাধিকার প্রয়োগের কোনো বিকল্প নেই। বক্তারা বলেন, বিএনপি সব সময় নারী সমাজের ক্ষমতায়ন, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে কাজ করেছে। কুমিল্লা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দিন জসিম নির্বাচিত হলে নারী ও কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা রক্ষায় বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়। তাঁরা আরও বলেন, নারীদের ভোট শুধু একটি ভোট নয়, এটি একটি পরিবারের ভবিষ্যৎ, সন্তানের শিক্ষা এবং সমাজের নিরাপত্তার প্রশ্নের সঙ্গে জড়িত। তাই আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী ভোটারদের ঐক্যবদ্ধভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দিন জসিমের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান বক্তারা।
