বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬
৩০ মাঘ ১৪৩২
দেবিদ্বারে নিখোজের ১২দিন পর অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার
‘আমার আব্বুরে মাইরা ফালাইছে’
শাহীন আলম
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১:৪০ এএম আপডেট: ১৪.০১.২০২৬ ২:০৮ এএম |



‘আমার আব্বুরে  মাইরা ফালাইছে’
বাড়ির উঠানে শত শত মানুষের ভিড়। কেউ আয়শাকে কোলে তুলে নিচ্ছেন, কেউ মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু নিষ্পাপ শিশুটি ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে সবার মুখের দিকে। “আমার আব্বুরে কেডায় যেন মাইরা ফালাইছে। আমার আব্বু আর আইবো না, আমারে কোলে নেবো না। যারা আমার আব্বুকে মারছে, আমি তাদের ফাঁসি চাই” গণমাধ্যমকর্মীর সামনে প্রতিবেশীদের শেখানো এই কথাটুকুই বারবার বলছে পাঁচ বছরের শিশু আয়শা। সে এখনো ঠিকমতো কথা বলতে শেখেনি, বুঝতেও পারেনি তার বাবা আর কোনোদিন ফিরবে না। এই হৃদয়বিদারক দৃশ্য দেখা গেছে কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামে। 
নিহত ব্যক্তি মো. আলাউদ্দিন (২৮)। তিনি ওই গ্রামের মো. সুলতান আহমেদের ছেলে। জীবিকার তাগিদে রাতে অটোরিকশা চালাতেন। গত ১ জানুয়ারি রাতে অটোরিকশাসহ তিনি নিখোঁজ হন। এ ঘটনায় পরিবার দেবিদ্বার থানায় একটি নিখোঁজ ডায়েরি করে এবং বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়। নিখোঁজের ১২ দিন পর মঙ্গলবার দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন হিরাপুর এলাকার বুড়ি নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নদীর কচুরিপানার ভেতর থেকে উদ্ধার করা ওই মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ গ্রামে পৌঁছালে পরিবার ও স্বজনদের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। নিহতের বাবা বৃদ্ধ মো. সুলতান আহমেদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, “এই ছেলেটাই ছিল আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষ। অটোরিকশা চালিয়ে সে তার স্ত্রী-সন্তান আর আমাদের খরচ চালাত। এখন আমার তিনটা অবুঝ নাতি-নাতনিকে কে দেখবে?”
নিহতের স্ত্রী রাজিয়া আক্তার শোকে ভেঙে পড়ে বলেন, “আমার স্বামীর শরীরে কেউ মানুষি আচরণ করে নাই। চোখ তুলে ফেলছে, কানে ছিঁড়ে ফেলছে। কারা এত নির্দয়ভাবে আমার স্বামীকে কষ্ট দিয়ে মারল? একদিন কাজ করলে ঘরে চাউল আসে, না করলে আসে না। এখন এই তিনটা সন্তান নিয়ে আমি কীভাবে বাঁচব?” কান্নায় ভেঙে পড়ে তিনি আরও বলেন, “যারা আমার স্বামীকে এভাবে হত্যা করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
প্রতিবেশী মো. আরিফুল ইসলাম বলেন, “আলাউদ্দিন কারও সঙ্গে কোনো শত্রুতা রাখত না। সে শান্ত প্রকৃতির মানুষ ছিল। এমন নির্মম হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও দ্রুত বিচার দাবি করছি।” 
এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “নিখোঁজের ১২ দিন পর মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকার একটি নদী থেকে আলাউদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধারের পর তাঁর পরিবারের লোকজন লাশ শনাক্ত করেন। পরে মরদেহটি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় বাঙ্গরা বাজার থানায় হত্যা মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং দ্রুত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সুপার ওভারে আফগানদের হারাল দক্ষিণ আফ্রিকা
পিএসএলে দল পেলেন ইমন-নাহিদ
শুটিংয়ে বহিষ্কার-অবাঞ্ছিত চলছেই
বাংলাদেশের পথে হাঁটছে ভুটান
বাংলাদেশে নারী বিপিএল শুরুর ঘোষণা দিল বিসিবি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় শৃঙ্খলা বাহিনীর ২৬ হাজার সদস্য
বিএনপি থেকে বহিষ্কার মুন্সী
কুমিল্লায় পুকুর সেঁচে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করলো র‌্যাব
ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র ছেড়ে যাবেন না
আওয়ামী লীগের নিরপরাধ নেতা কর্মীদের প্রতি উদার হতে হবে
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২