শুক্রবার ২৬ জুন ২০২৬
১২ আষাঢ় ১৪৩৩
প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের স্বপ্নপূরণের এক অনন্য অভিজ্ঞতা
লাকসামের গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীর জাতীয় সংসদ ভবন পরিদর্শন
সৈয়দ মুজিবুর রহমান দুলাল
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ১:২৪ এএম |


কুমিল্লার লাকসাম উপজেলার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠান গোবিন্দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৪৩ জন শিক্ষক- শিক্ষার্থী গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) প্রথমবারের মতো বাংলাদেশের গণতন্ত্রের প্রাণকেন্দ্র জাতীয় সংসদ ভবন পরিদর্শনের সুযোগ লাভ করেন। জাতীয় সংসদ সচিবালয়ের ভিজিট শাখার উদ্যোগে আয়োজিত এ পরিদর্শন শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য এক স্মরণীয় ও আবেগঘন অভিজ্ঞতায় পরিণত হয়।
পরিদর্শনকালে বিদ্যালয়ের শিক্ষার্থী সিগমাতুল আজিম জাহিন অনুভূতি প্রকাশ করে বলেন, “জীবনে প্রথমবারের মতো জাতীয় সংসদ ভবন পরিদর্শন করলাম। বিশ্বখ্যাত স্থপতি লুই আই কানের নকশায় নির্মিত সংসদ ভবনের ক্রিসেন্ট লেকের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। এত সমৃদ্ধ ও বৃহৎ লাইব্রেরি দেখে আমি অভিভূত। এই অভিজ্ঞতা আমি কখনো ভুলতে পারব না।”
দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাইমুল ইসলাম অপু বলেন, “জাতীয় সংসদ ভবন যে এত সুন্দর ও দৃষ্টিনন্দন, তা আমার কল্পনাতেও ছিল না। আজ সরাসরি দেখে আমি অত্যন্ত আনন্দিত ও অনুপ্রাণিত হয়েছি।”
সংসদ ভবনে পৌঁছে তারা প্রথমে এলডি হল পরিদর্শন করেন। পরে বিশ্বখ্যাত স্থপতি লুই আই কানের নকশায় নির্মিত জাতীয় সংসদ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন। 
পরিদর্শনের অংশ হিসেবে তারা বাজেট অধিবেশন সরাসরি, সংসদের উত্তর ও দক্ষিণ প্লাজা, মনোরম ক্রিসেন্ট লেক, জাতীয় সংসদের অধিবেশন কক্ষ এবং সমৃদ্ধ সংসদ গ্রন্থাগার (লাইব্রেরি) পরিদর্শন করেন। শপথ কক্ষে আয়োজিত ব্রিফিং সেশনে সংসদ ভবনের স্থাপত্যশৈলী, ইতিহাস ও কার্যক্রম সম্পর্কে অবহিত হলে শিক্ষার্থীরা গভীর আগ্রহ ও উচ্ছ্বাস প্রকাশ করে।
পরিদর্শনের অংশ হিসেবে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে আয়োজিত “শুভেচ্ছা বিনিময়” অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য মো. আবুল কালাম।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ সদস্য মো. আবুল কালাম বলেন, আমার নির্বাচনী এলাকার প্রত্যন্ত অঞ্চলের একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং কোমলমতি শিক্ষার্থীদের মহান জাতীয় সংসদে বাজেট অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ করে দিতে পেরে অত্যন্ত আনন্দিত। 
তিনি বলেন, "আজকের শিশু, আগামীরদিনের ভবিষ্যত"। এক সময় তারাই এদেশের নেতৃত্ব দিবে। সেজন্য তাদেরকে গণতন্ত্রের সঠিক চর্চা, দেশপ্রেমে জাগ্রত এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রকৃত জ্ঞান আহরণ করতে হবে। জানতে হবে সঠিক ইতিহাস। অর্জন করতে হবে মেধা ও দক্ষতা। এজন্য পাঠ্যপুস্তকের পাশাপাশি তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে নিজেদের পরিশুদ্ধ মানুষ হিসেবে গড়ে তোলার আহবান জানান তিনি। 
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। এ সময় অতিথিবৃন্দ শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।
অধিবেশন দেখার আগে শুভেচ্ছা বিনিময় করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন ও পরে বিরোধী দলীয় উপনেতা নাহিদ ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি অর্জনের আহ্বান জানান। তারা বলেন, জাতীয় সংসদ ভবন শুধু একটি স্থাপনা নয়; এটি বাংলাদেশের গণতন্ত্র, জনগণের আশা-আকাঙ্ক্ষা এবং সাংবিধানিক চর্চার প্রতীক। শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দিক সম্পর্কে জানার সুযোগ করে দিতে এ ধরনের শিক্ষা সফরের গুরুত্ব অপরিসীম।
গোবিন্দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. মনির হোসেন বলেন, জাতীয় সংসদের কার্যক্রম সরাসরি দেখার এই সুযোগ শিক্ষার্থীদের গণতন্ত্র চর্চা, রাষ্ট্র পরিচালনা এবং জাতীয় বাজেট প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শিক্ষক ও শিক্ষার্থীরা সংসদ ভবনের ক্যাফেটেরিয়ায় মধ্যাহ্নভোজে অংশ নেন। অনেক শিক্ষার্থী অনুভূতি প্রকাশ করে জানায়, জাতীয় সংসদ ভবন সম্পর্কে তারা এতদিন শুধু বই ও টেলিভিশনে জেনেছে; বাস্তবে এসে তা দেখার সুযোগ পাওয়া তাদের কাছে স্বপ্নপূরণের মতো। প্রত্যন্ত গ্রামের সাধারণ পরিবারের সন্তানদের জন্য এ অভিজ্ঞতা ভবিষ্যৎ জীবনে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
পরিদর্শন শেষে শিক্ষক ও শিক্ষার্থীরা জাতীয় সংসদ সচিবালয় এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
সংসদ নেতা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চীনে অবস্থান করায় শিক্ষার্থীরা দেখতে পায়নি। বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমানসহ মন্ত্রীপরিষদের এবং সংসদ সদস্যদের প্রায় সবাইকে সরারসরি দেখার সুযোগ পায় গোবিন্দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এর ছাত্র শিক্ষক প্রতিনিধি দল। এটি গোবিন্দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ইতিহাসে বিরল ও সবচেয়ে স্মরনীয় ঘটনা বলে প্রতিনিধি দল উল্লেখ করেন।
গোবিন্দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম শিক্ষক-শিক্ষার্থীদের বাহ্যিক জ্ঞান অর্জনে এমন সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য মো. আবুল কালাম এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. মনির হোসেন'র প্রতি আন্তরিকভাবে বিনম্র ও অতল কৃতজ্ঞতা জানান ।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা সীমান্তের অর্ধশতাধিক এলাকা দিয়ে ঢুকছে মাদক
কাটাবিলে মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে ষষ্ঠ শ্রেণিরশিক্ষার্থী গুলিবিদ্ধ
কুমিল্লায় ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা প্রত্যাহার
কুমিল্লার মুরাদনগরে হত্যা মামলার আসামির স্ত্রীকে পিটিয়ে হত্যা
গোমতীর বেরিবাঁধ সড়কে দুই শতাধিক সোলার লাইট চুরি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক
কুমিল্লায় দুর্ঘটনার কবলে দুই ট্রেন
দশক শ্রেণীর ছাত্র দিয়ে এসএসসির উত্তরপত্র মূল্যায়ন নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি গঠন
লাকসামে ৬ বছরের বাকপ্রতিবন্ধী শিশুকে নিপীড়নের মামলায় ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার
মুরাদনগরে কারখানাকে ৮০ হাজার টাকা জরিমানা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২