কুমিল্লার
লাকসামে ৬ বছরের বাকপ্রতিবন্ধী শিশুকে যৌন নিপীড়নের মামলায় গ্রেপ্তারকৃত
বৃদ্ধ মো. মানিক মিয়াকে (৫০) পুলিশ বুধবার (২৪ জুন) কুমিল্লার বিজ্ঞ আদালতে
পাঠিয়েছে। গ্রেপ্তারকৃত ওই বৃদ্ধ উপজেলার উত্তরদা ইউনিয়নের চন্দনা বড়
বাড়ির মৃত আলী মিয়ার ছেলে। আগেরদিন মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১০ টার দিকে
তাকে গ্রেপ্তার করেন পুলিশ।
লাকসাম থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার
তদন্তকারী কর্মকর্তা মো. সাইফুদ্দিন ভূঁইয়া ওই বৃদ্ধকে গ্রেপ্তার এবং
আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
লাকসাম থানা পুলিশ সূত্রে জানা
গেছে, গত রবিবার (২১ জুন) বিকেলে বাকপ্রতিবন্ধী ওই শিশুটি বাড়ির পাশে একটি
দোকানের সামনে যায়। এমতবস্থায় দোকানদার মো. মানিক মিয়া শিশুটিকে ফুসলিয়ে
দোকানের ভিতর নিয়ে তার স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং যৌন নিপীড়ন করে। ওই
সময় বাকপ্রতিবন্ধী শিশুটির মা আরেক বাড়ি থেকে ফেরার পথে ওই দোকানে শিশুটিকে
কান্না করতে দেখেন। কি হয়েছে দোকানদারের কাছে জানতে চাইলে তিনি কোনো জবাব
দেননি। একপর্যায়ে বাকপ্রতিবন্ধী শিশুটি কান্না করতে করতে ওই বৃদ্ধ
দোকানদারকে দেখিয়ে ইশারা ইংগিতে তার মাকে যৌন নিপীড়নের ঘটনাটি বুঝায়।
শিশুটির
মা অভিযোগ করেন, ঘটনাটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানালে তাঁরা
অভিযুক্ত দোকানদার মো. মানিক মিয়াকে জিজ্ঞাসাবাদ করতে গেলে তিনি পালিয়ে
যান। এই ঘটনায় শিশুটির মা বাদি হয়ে সোমবার (২২ জুন) বিকেলে লাকসাম থানায়
একটি মামলা দায়ের করেন।
এই ব্যাপারে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি)
কাজী কামরুন্নাহার লাইলী গ্রেপ্তারকৃত আসামীকে কুমিল্লার বিজ্ঞ আদালতে
পাঠানোর বিষয়টি নিশ্চিত করে জানান, বাকপ্রতিবন্ধী শিশুটির মা বাদি হয়ে তাঁর
মেয়েকে যৌন নিপীড়নের অভিযোগে গত সোমবার (২২ জুন) নারী ও শিশু নির্যাতন দমন
আইনে লাকসাম থানায় একটি মামলা দায়ের করেন।
