নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার
মুরাদনগরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে অননুমোদিত কাঁচামাল ব্যবহার করে
আইসক্রিম উৎপাদনের অভিযোগে একটি কারখানাকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই
সঙ্গে কারখানায় পাওয়া অননুমোদিত কাঁচামাল ও উৎপাদিত আইসক্রিম ধ্বংস করা
হয়েছে।
বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলার কোম্পানীগঞ্জ বাজার এলাকায়
বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, কুমিল্লা এবং উপজেলা প্রশাসন, মুরাদনগরের যৌথ
উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে এ দণ্ড প্রদান করা হয়।
অভিযানে
দেখা যায়, দয়াময় আইসক্রিম ফ্যাক্টরি (ব্র্যান্ড: ফাস্ট) নামের প্রতিষ্ঠানটি
বিএসটিআইয়ের বাধ্যতামূলক সিএম লাইসেন্স গ্রহণ ছাড়াই আইসক্রিম উৎপাদন ও
বাজারজাত করে আসছিল। এছাড়া কারখানায় অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে
অননুমোদিত কালার, ফ্লেভার এবং অন্যান্য কাঁচামাল ব্যবহার করে পণ্য উৎপাদন
করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
এ ঘটনায় প্রতিষ্ঠানের
দায়িত্বশীল প্রতিনিধি মো. ইমন সম্রাট (২০), পিতা মো. হারুনুর রশিদ মোল্লাকে
বিএসটিআই আইন-২০১৮ এর ৩১ ধারায় ৮০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযান
পরিচালনা করেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী
ম্যাজিস্ট্রেট এবিএম সারওয়ার রাব্বী। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন
করেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. আমিনুল ইসলাম শাকিল এবং
পরিদর্শক (মেট্রোলজি) মো. শামস তাবরেজ।
