কুমিল্লা
নগরীতে আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ৫৫
হাজারের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ
করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে কুমিল্লা সিটি কর্পোরেশনের অতীন্দ্র মোহন
সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিটি কর্পোরেশনের
মেডিক্যাল অফিসার ডা. চন্দনা রাণী।
তিনি জানান, সকাল ৮টা থেকে বিকেল ৪টা
পর্যন্ত নগরীর ১১৪টি কেন্দ্রে একযোগে ক্যাম্পেইন পরিচালিত হবে। এ
কর্মসূচির আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী মোট ৫৫ হাজার ১৯১ জন শিশুকে ভিটামিন
‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৭ হাজার ৮২৫ জন
শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪৭ হাজার ৩৬৬ জন শিশুকে লাল রঙের
ক্যাপসুল দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে সিটি করপোরেশন প্রশাসক ইউসুফ মোল্লা
টিপু বলেন, শিশুদের সুস্থ বিকাশ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন
‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকল অভিভাবককে নির্ধারিত কেন্দ্রে শিশুদের
নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।
