চৌদ্দগ্রাম
প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ভারত সীমান্ত এলাকা থেকে ১৯৯৫০ পিছ ইয়াবা
ট্যাবলেটসহ ছাত্রলীগ নেতা খলিলুর রহমানকে আটক করেছে বিজিবি। খলিল উপজেলার
ঘোলপাশা ইউনিয়নের ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি ও বাবুচি গ্রামের ইদু
মিয়ার ছেলে। শনিবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন বিজিবি ১০ ব্যাটালিয়ান
কুমিল্লার অধিনায়ক লেঃ কর্ণেল মীর আলী এজাজ।
জানা গেছে, বিজিবি কুমিল্লা
১০ ব্যাটালিয়নের ভারত সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত
অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল
সাড়ে আটটায় আমানগন্ডা বিওপি এর টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান
বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্তের ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে
বাবুচি পাড়া নামক স্থান হতে ১৯,৯৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ খলিলুর রহমান
নামের এক যুবককে আটক করে। আটককৃত খলিলুর রহমানকে ইয়াবাসহ চৌদ্দগ্রাম মডেল
থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি ১০ ব্যাটালিয়ান কুমিল্লার অধিনায়ক
লেঃ কর্ণেল মীর আলী এজাজ বলেন, ‘১৯৯৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ খলিল নামের এক
যুবককে আটক করা হয়েছে। এছাড়াও সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির
অভিযান অব্যাহত রয়েছে। মাদক নিয়ন্ত্রণে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতার
আহবান জানান তিনি’।
