দেশে
গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য
অধিদপ্তরের (ডিজিএইচএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরে এই রোগে
মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১০ জনে।
অধিদপ্তরের প্রতিবেদন
অনুসারে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার (৫ জুন) সকাল ৮টা পর্যন্ত
সারা দেশে ১ হাজার ১৬৮ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর
মধ্যে ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে ২৪৩ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত
হওয়া গেছে।
পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরে এখন পর্যন্ত
ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হওয়া অন্তত ৯১টি শিশু প্রাণ হারিয়েছে। এর
পাশাপাশি হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৫১৯টি শিশু। অর্থাৎ, সব মিলিয়ে
প্রাণহানির সংখ্যা ৬১০-এ পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫
মার্চ থেকে ৫ জুন পর্যন্ত দেশে ল্যাবরেটরি পরীক্ষায় মোট ৯ হাজার ৫০০ জনের
শরীরে হামের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।
অধিদপ্তরের সর্বশেষ হেলথ
বুলেটিনে জানানো হয়েছে, সারা দেশে এ পর্যন্ত ৭৬ হাজার ৮৭৬ জন সন্দেহভাজন
হামের রোগী শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে
বাড়ি ফিরেছেন ৫৮ হাজার ১৫৪ জন।
