স্টাফ
রিপোর্টার।। কুমিল্লা ইপিজেডে স্টল বিমান সুবিধা পেতে কবে থেকে কুমিল্লা
বিমানবন্দর চালু হবে এমন প্রশ্ন জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্ন উত্তর
পর্বে উত্থাপন করতে যাচ্ছেন কুমিল্লা সদরের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)র কাছে তিনি এ
প্রশ্ন উত্থাপন করতে যাচ্ছেন। এর আগে এ মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম
(রিতা) এবং প্রতিমন্ত্রী এস রশিদুজ্জামান মিল্লাত কুমিল্লা বিমানবন্দর
পরিদর্শনে আসার আগ্রহের কথা জানিয়েছেন।
জানা গেছে, কুমিল্লা বিমান
বন্দরের ৬ হাজার ফুটের রানওয়েটি এখনো রয়েছে। রয়েছে বিমান চলাচলের সুযোগ
সুবিধা। আধুনিক ভিওআর। ফলে শুধুমাত্র রানওয়ে কার্পেটিং করলেই এখনই বিমান
উঠানামা সম্ভব। রানওয়ে কার্পেটিং করলেই কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ
অঞ্চল ইপিজেড পাবে স্টল বিমান সুবিধা। ফলে এ ইপিজেডে উৎপাদিত পণ্য বিমানে
করে সরবরাহ করা যাবে।
মঙ্গলবার বিকালে কুমিল্লা সদরের সংসদ সদস্য মনিরুল
হক চৌধুরী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খান (রিতা)র
সাথে এ বিষয়ে কথা বলেন। তিনি কুমিল্লা বিমান বন্দর দেখতে আসবেন বলে তাকে
আশ^স্ত করেন।
এর আগে একই দিন দীর্ঘদিনের প্রত্যাশিত কুমিল্লা বিমানবন্দর
কবে চালু হবে তা জানতে প্রতিমন্ত্রীকে ফোন করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ
সদস্য আলহাজ¦ মনিরুল হক চৌধুরী। জবাবে প্রতিমন্ত্রী বলেছেন- খুব শীঘ্রই
মন্ত্রী এবং প্রতিমন্ত্রী কুমিল্লা বিমানবন্দর পরিদর্শন করবেন। এ ব্যাপারে
তাদের ইতিবাচক অবস্থানের কথাও জানান প্রতিমন্ত্রী।
মঙ্গলবার বিকেলের এই
ফোনালাপের পর কুমিল্লা বিমানবন্দর চালুর বিষয়ে সরকারের ইতিবাচক অবস্থানের
কথা জানিয়েছেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি বলেছেন, বিমান
প্রতিমন্ত্রীর সঙ্গে সর্বশেষ সাক্ষাতে এবং এর আগেও সংশ্লিষ্ট মন্ত্রীর
সঙ্গে কুমিল্লা বিমানবন্দর থেকে দ্রুত বিমান চলাচল শুরু করার বিষয়ে আলোচনা
হয়েছে।
এসময় মনিরুল হক চৌধুরী বলেন, “আজকের বৈঠকের সময় বিমান
প্রতিমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। এর আগেও বিমানমন্ত্রীর সঙ্গে আলোচনা
করেছি। আগামী কিছুদিনের মধ্যে কুমিল্লা বিমানবন্দর থেকে বিমান চলাচল বা
সার্ভিস চালুর বিষয়ে আমরা জোরালোভাবে কাজ করছি। কুমিল্লাবাসীর দীর্ঘদিনের
এই দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা
হচ্ছে।”
