
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে বিপুল
পরিমাণ টাপেন্টাডল ট্যাবলেট এবং ভারতীয় পুরাতন মোবাইল ফোন জব্দ করেছে
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ১
কোটি ১৩ লাখ ৮০ হাজার ৫০০ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা
ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত
অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার (১
জুন) রাত আনুমানিক ২টার দিকে ব্যাটালিয়নের অধীনস্থ বিবিরবাজার বিওপির
গোলাবাড়ী পোস্টের একটি টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে
সীমান্তের প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোলাবাড়ী এলাকা থেকে
মালিকবিহীন অবস্থায় ৩১ হাজার ৫০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ
ভারতীয় পুরাতন মোবাইল ফোন জব্দ করা হয়।
বিজিবি জানায়, চোরাকারবারিরা
সীমান্ত পথে এসব মাদক ও চোরাচালানি পণ্য দেশে প্রবেশ করানোর চেষ্টা করছিল।
তবে বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে তারা মালামাল ফেলে পালিয়ে যায়।
জব্দকৃত টাপেন্টাডল ট্যাবলেট ও মোবাইল ফোনের মোট আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৩ লাখ ৮০ হাজার ৫০০ টাকা।
কুমিল্লা
ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস
কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে অথবা প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়ায় ধ্বংস
করা হবে।
