জাতীয়
কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় নানা আয়োজনে
শুরু হয়েছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য উৎসব। কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে
শনিবার (২৪ মে) বিকেল সাড়ে ৩টায় একটি বর্ণিল শোভাযাত্রা ও মনোজ্ঞ
সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা ঘটে।
এদিন
বিকেলে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট’ প্রাঙ্গণ থেকে একটি বর্ণিল
শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ
করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে সেখানে স্থাপিত
কবি নজরুলের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন
অতিথিরা। পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা
সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতির
বক্তব্যে কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, "জাতীয় কবি কাজী
নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত এই কুমিল্লা জেলা কবির সাহিত্য জীবনের এক অনন্য
অধ্যায়। কুমিল্লায় বসেই তিনি রচনা করেছেন বহু অমর কবিতা ও গান। নতুন
প্রজন্মের কাছে নজরুলের সাম্যবাদ, অসাম্প্রদায়িক চেতনা ও দ্রোহের বাণী
পৌঁছে দিতে এই ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
অনুষ্ঠানে
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক
ইউসুফ মোল্লা টিপু, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত
পুলিশ সুপার সাইফুল মালিকসহ স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও
সুধীজন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী এই আয়োজনে
প্রতিদিন সন্ধ্যায় শিল্পকলা একাডেমি মঞ্চে কবি নজরুলের গান, কবিতা আবৃত্তি,
নৃত্যনাট্য এবং তাঁর জীবন ও কর্মের ওপর বিশেষ আলোচনা সভার আয়োজন করা
হয়েছে। উৎসবে জেলার শীর্ষস্থানীয় সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট শিল্পীরা অংশ
নিচ্ছেন।
আগামী সোমবার (২৬ মে) উৎসবের সমাপনী ও তৃতীয় দিনের অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি,
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন।
