রণবীর ঘোষ কিংকর:
প্রধানমন্ত্রী
ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কুমিল্লা হয়ে চাঁদপুর যাওয়ার পথে তাকে
স্বাগত জানাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা এলাকায় ভিড় জমায় বিএনপির
নেতা-কর্মীরা। এসময় সেখানে গাড়িবহর থামিয়ে চান্দিনা আসনে স্বতন্ত্র পদে
নির্বাচন করে বিজয়ী হওয়া সংসদ সদস্য আতিকুল আলম শাওনের মাথায় হাত বুলিয়ে
দেন প্রধানমন্ত্রী। এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর তা নিয়ে শাওনের
সমর্থক নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
স্থানীয়
সূত্রে জানা গেছে, শনিবার (১৬ মে) বেলা ১১টা ৩৫ মিনিটে মহাসড়কের চান্দিনা
অংশ অতিক্রম করে প্রধানমন্ত্রী তারেক রহমান এর গাড়ি বহর। এর আগেই সকাল ৮টা
থেকে চান্দিনার ইলিয়টগঞ্জ, কুটুম্বপুর, পালকি সিনেমা হল সংলগ্ন ও চান্দিনা
বাস স্টেশন সহ উপজেলা গেইট এলাকায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের দুই পাশে
অন্তত দশ সহস্রাধিক নেতা-কর্মী অবস্থান নেয়।
চান্দিনায় অবস্থান নেয়া
অধিংশ নেতা-কর্মীদের হাতে ব্যানার, ফ্যাস্টুন দেখা যায়। ওই ব্যানার
ফ্যাস্টুনে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর পাশাপাশি কুমিল্লা-৭ চান্দিনা
আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন এর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান
নেতা-কর্মীরা।
বেলা সাড়ে ১১টায় মহাসড়কের চান্দিনা উপজেলা গেইট এলাকায়
জনস্রোতে প্রধানমন্ত্রীর বহনকারী গাড়ির গতি কমে যায়। এক পর্যায়ে
প্রধানমন্ত্রী তারেক রহমান গাড়ির দরজা খুলে স্বতন্ত্র সংসদ সদস্য আতিকুল
আলম শাওনকে ডেকে নিয়ে তার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে দেখা যায়। ওই
ভিডিও মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
বিষয়টি
নিয়ে জানতে চাইলে চান্দিনা উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক বীর
মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ভূইয়া বলেন, আমাদেরকে দল থেকে বহিষ্কার করলেও
আমরা বিএনপির আদর্শ ছেড়ে কখনও যাবো না। আজ প্রধানমন্ত্রী গাড়ি থামিয়ে দরজা
খুলে আমাদের নেতাকে কাছে টেনে নিয়ে তাকে দোয়া করেছেন- এটাও আমাদের কাছে বড়
প্রাপ্তি। আমাদের বিশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমান খুব শীঘ্রই
নির্বাচনীকালীন তার সিদ্ধান্ত পরিবর্তন আমাদের নেতা আতিকুল আলম শাওনের
বহিষ্কারাদেশ প্রত্যাহার করবেন।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে
দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আতিকুল আলম শাওন
স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করায় দলের সাংগঠনিক শৃঙ্খলা
ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়। তবে তার বহিস্কারাদেশ প্রত্যাহারের
দাবি জানিয়ে আসছেন নেতা-কর্মীরা। গতকালও সে দাবি উঠে।
