নিজস্ব
প্রতিবেদক: চাঁদপুরের কচুয়া উপজেলায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন
কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)-এর উদ্যোগে ‘গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক
সেবা’ বিষয়ক অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।
কোম্পানির এবিকা গৌরীপুরস্থ
গ্যাস বিতরণ এলাকার আওতাধীন কচুয়া উপজেলার বিভিন্ন শ্রেণির গ্রাহক,
জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও সংবাদকর্মীদের উপস্থিতিতে কচুয়া উপজেলা
অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন বিজিডিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) প্রকৌশলী মোঃ ইমাম
উদ্দিন শেখ। সভাপতিত্ব করেন কোম্পানির মহাব্যবস্থাপক (কোম্পানি সচিব) মোঃ
এনামুল করিম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলার
সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু নাসির, মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং
সার্ভিস) প্রকৌশলী মোঃ সোলায়মান, মহাব্যবস্থাপক (প্রশাসন) নাহিদ বানী ইসলাম
এবং মহাব্যবস্থাপক (বিপণন) প্রকৌশলী মর্তুজা রহমান খান।
এছাড়াও সভায়
কোম্পানির উপ-মহাব্যবস্থাপক (ভিজিল্যান্স), উপ-মহাব্যবস্থাপক (বিক্রয়),
উপ-মহাব্যবস্থাপক (ইএস) ও উপ-মহাব্যবস্থাপক (রাজস্ব)সহ অন্যান্য ঊর্ধ্বতন
কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় গ্যাসের স্বল্পতা ও চাপ কম থাকার বিষয়ে
গ্রাহক ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ব্যবস্থাপনা পরিচালক
প্রকৌশলী মোঃ ইমাম উদ্দিন শেখ। গ্রাহকসেবা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের
উত্তর দেন মহাব্যবস্থাপক (বিপণন) প্রকৌশলী মর্তুজা রহমান খান।
একজন
গ্রাহক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে মোবাইল কোর্ট পরিচালনার সংখ্যা
বাড়ানোর দাবি জানালে ব্যবস্থাপনা পরিচালক এ বিষয়ে একমত পোষণ করেন। তিনি
বলেন, “বর্তমানে অধিক মূল্যে এলএনজি ক্রয় করতে হচ্ছে। তাই জাতীয় সম্পদ
গ্যাসের অপচয় রোধে সবাইকে আরও সচেতন হতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে
সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু নাসির বলেন, কচুয়ায় নিরবচ্ছিন্ন ও সঠিকভাবে
গ্যাস সরবরাহ নিশ্চিত করতে বিজিডিসিএল কর্তৃপক্ষের পাশাপাশি গ্রাহকদেরও
সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এসময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর হোসেন সেলিম।
সবশেষে সভাপতি মোঃ এনামুল করিম চৌধুরী উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
