শনিবার ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
সীমান্তে কাঁটাতারের বেড়া ‘এই বাংলাদেশ আর সেই বাংলাদেশ নেই’
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১২:৩৯ এএম আপডেট: ১২.০৫.২০২৬ ১:১৩ এএম |




  সীমান্তে কাঁটাতারের বেড়া ‘এই বাংলাদেশ  আর সেই  বাংলাদেশ নেই’প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, সীমান্তে আর নতজানু হবে না বাংলাদেশ। এ বাংলাদেশ আর সেই বাংলাদেশ নেই। বাংলাদেশের মানুষ ও সরকার কাঁটাতারের বেড়ার ভয় পায় না। বাংলাদেশেরও সীমান্ত নিয়ে পরিকল্পনা রয়েছে। সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন হুমায়ুন কবির। পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসা বিজেপি সরকার বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি বুঝিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। আজ পশ্চিমবঙ্গের হাওড়ায় রাজ্য সচিবালয়ে নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘৪৫ দিনের মধ্যে বিএসএফের কাছে প্রয়োজনীয় জমি বুঝিয়ে দেওয়া হবে। এ জন্য মুখ্য সচিব এবং ভূমি ও রাজস্বসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।’
বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়ে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের এ সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, ‘কিছু চ্যালেঞ্জের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে চাইলে দুই দেশের নেতৃত্বের অবশ্যই ইতিবাচক মনোভাব দরকার। অবশ্যই দুই দেশের সম্পর্কে চ্যালেঞ্জ রয়েছে, কিছু রয়েছে কঠিন। তবে যতক্ষণ আলোচনার দরজা খোলা রয়েছে, ততক্ষণ তা সমাধানের সুযোগ রয়েছে। কিছু ইস্যু রয়েছে তা দ্রুত সমাধান হতে পারে, আর কিছু ইস্যু সময় লাগতে পারে। পশ্চিমবঙ্গে যে সরকার গঠন হয়েছে, তারা নির্বাচনে উগ্র ও অশোভন ভাষায় বক্তৃতা করেছে।’
অনেক সময় নির্বাচনে জয়ের জন্য এ ধরনের ভাষা ব্যবহার করা হয় উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, ‘তবে একটি সরকার পরিচালনা করা ভিন্ন বিষয়। দেখি, তাদের একটু সময় দেই, নির্বাচনের বক্তৃতা ও সরকার পরিচালনা একই ধরনের হয় কি না।’
এ প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের সম্পর্ক ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে। তাদের অভ্যন্তরীণ বিষয়ে ঢাকা হস্তক্ষেপ করবে না।
কাঁটাতার দিয়ে বাংলাদেশের মতো দেশকে ভয় দেখানোর মতো কোনো জায়গা নেই উল্লেখ করে প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, বাংলাদেশের মানুষ কাঁটাতারের ভয় পায় না। বাংলাদেশের সরকারও কাঁটাতারের ভয় পায় না। যেখানে কথা বলার দরকার সেখানে ঢাকা কথা বলবে।
মানুষে মানুষে সম্পর্ক বাড়াতে হলে ভারতকেও সীমান্তে নিরাপত্তার ক্ষেত্রে মানবিকতা দেখাতে হবে বলে মন্তব্য করেন হুমায়ুন কবির। তিনি বলেন, ‘শেখ হাসিনার সময়ে সীমান্তে আমরা যে রকম দেখেছি, ওই নমুনায় সীমান্ত আর কোনো দিন আসবে না। ওই নমুনায় কেউ যদি সীমান্তে কিছু করতেও চায়, এই বাংলাদেশ আর সেই বাংলাদেশ নেই যে বসে দেখবে। বাংলাদেশেরও পরিকল্পনা রয়েছে, কী করতে হবে। আশা করি, ভারত ওই পথে যাবে না।’
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা বলেন, প্রতিবেশী দেশগুলোকে অবশ্যই আঞ্চলিক শান্তি বজায় রাখতে হবে। আমরা আন্তরিক পরিবেশে থাকতে চাই। সম্পর্কে চ্যালেঞ্জ অবশ্যই থাকবে। দেড় হাজার মানুষকে হত্যা করে পালিয়ে যাওয়া এক সন্ত্রাসী শেখ হাসিনা এখন ভারতে রয়েছেন। মনে রাখতে হবে ভারতে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করতে না দেওয়াই ভালো। তাঁকে (শেখ হাসিনা) যাতে সে সুযোগ না দেওয়া হয়। আশা করি এবং ভারতের সরকার আশ্বস্ত করেছে, শেখ হাসিনাকে এ সুযোগটি তারা দেবে না।
তিস্তা প্রকল্পে ভারত ও চীন নিয়ে বাংলাদেশের অবস্থান জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, ভারতের পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার গঠন করেছে। ভারতের কেন্দ্রীয় সরকার সব সময় বলে আসত পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারের কারণে তিস্তার পানি বণ্টন চুক্তি সই করা যায়নি। এখন তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ক্ষমতায় নেই। আর কেন্দ্রে ও রাজ্যে বিজেপি সরকার। আমরা আশা করছি, এখন এ বিষয়ে আলোচনা এগিয়ে নিতে কম প্রতিবন্ধকতার মুখোমুখি হওয়ার কথা।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রথমার্ধে কানাডার জালে বসনিয়ার এক গোল
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পলাতক বাহারকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার দাবি
ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
চৌদ্দগ্রামে পিতার ২০ বছর পর পুত্রকেও ছুরিকাঘাতে হত্যা
মালয়েশিয়া থেকে ফেরার রাতেই ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৩
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২