নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লার চান্দিনা উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট
পরিচালনার সময় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ এক যুবককে আটক
করেছে হাইওয়ে পুলিশ।
শুক্রবার (৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে চান্দিনা থানাধীন ছয়ঘরিয়া এলাকায় ঢাকা-মুখী লেইনে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তি মো. শুকর (২৫)। তিনি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ঘোষখানতা এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে।
পুলিশ
সূত্রে জানা যায়, ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. জাকির
শিকদারের নেতৃত্বে হাইওয়ে পুলিশের একটি দল ছয়ঘরিয়া এলাকায় চেকপোস্ট
পরিচালনা করছিল। এ সময় ঢাকা মেট্রো-ব-১৫-২৯০১ নম্বরের ইকোনো পরিবহন
যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে আটক ব্যক্তির
কাছে থাকা কাপড়ের শপিং ব্যাগ থেকে নীল রঙের স্কচটেপে মোড়ানো দুইটি বান্ডেলে
মোট ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে এসআই মো. আব্দুল বারেক মিয়া জব্দ
তালিকার মাধ্যমে আলামত জব্দ করেন।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে চান্দিনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
