নিজস্ব
প্রতিবেদক: উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লার কোটবাড়ি
এলাকায় অবস্থিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ণিল বর্ষবরণ
উৎসব ও বৈশাখী মেলা ১৪৩৩ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে বিশ্ববিদ্যালয়
প্রাঙ্গণে ফিতা কেটে দিনব্যাপী এই উৎসবের শুভ উদ্বোধন করেন সিসিএন বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান
ড. মোঃ তারিকুল ইসলাম চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বাঙালির
হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই
বিশ্ববিদ্যালয়ের এই ক্ষুদ্র প্রয়াস। নববর্ষ মানেই নতুনের আবাহন, যা
শিক্ষার্থীদের মননশীল হতে উৎসাহিত করবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে
উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক প্রশাসন ইফতেখারুল ইসলাম চৌধুরী
সিয়াম, লিবারেল আর্টস অনুষদের ডিন ডক্টর আলী হোসেন চৌধুরী, ইংরেজি বিভাগের
অধ্যাপক মোঃ মনিরুজ্জামান এবং বর্ষবরণ উদযাপন কমিটির আহবায়ক ড. মোঃ খাইরুল
ইসলাম জুমান সহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, কোঅর্ডিনেটর, শিক্ষক,
কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
দিনব্যাপী আয়োজিত এই মেলায় গ্রামীণ ঐতিহ্যের
ছোঁয়া ছিল লক্ষ্যণীয়। অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ
উদ্বোধনী নৃত্য পরিবেশিত হয়। এরপর দিনভর চলে আবহমান বাংলার ঐতিহ্যবাহী
বিভিন্ন খেলাধুলা। যার মধ্যে ছেলেদের মোরগ লড়াই ও বস্তা দৌড় এবং মেয়েদের
চামচ দৌড় ও মিউজিক্যাল চেয়ার, বালিশ খেলা প্রতিযোগিতা দর্শকদের বেশ আনন্দ
দেয়। এছাড়াও ছিল যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা এবং জমকালো সাংস্কৃতিক
অনুষ্ঠান।
উৎসবের অন্যতম আকর্ষণ ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য
আয়োজিত বিশেষ প্রতিযোগিতা। ক্রিকেট স্ট্যাম্প সই এবং সুঁই-সুতা দৌড়ে
শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবের আনন্দে ভিন্ন মাত্রা যোগ করে। মেলা
উপলক্ষে পুরো ক্যাম্পাস নববর্ষের রঙে রঙিন হয়ে ওঠে। বিশেষ করে নারী শিক্ষক
ও শিক্ষার্থীদের লাল-সাদা রঙিন শাড়ি এবং শিক্ষক-ছাত্রদের বাহারি
পাঞ্জাবিতে ক্যাম্পাস জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। মেলা প্রাঙ্গণে সাজানো
স্টলগুলোতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পান্তা ভাত, মাছ ভাজি ও হরেক রকমের
ভর্তার আয়োজন সবার মাঝে বাড়তি উদ্দীপনা তৈরি করে।
মেলা উপলক্ষে পুরো
ক্যাম্পাস নববর্ষের রঙে রঙিন হয়ে ওঠে। বিশেষ করে নারী শিক্ষক ও
শিক্ষার্থীদের লাল-সাদা রঙিন শাড়ি এবং শিক্ষক-ছাত্রদের বাহারি পাঞ্জাবিতে
ক্যাম্পাস জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। মেলা প্রাঙ্গণে সাজানো স্টলগুলোতে
গ্রামবাংলার ঐতিহ্যবাহী পান্তা ভাত, মাছ ভাজি ও হরেক রকমের ভর্তার আয়োজন
সবার মাঝে বাড়তি উদ্দীপনা তৈরি করে।
সমাপনী পর্বে বিভিন্ন প্রতিযোগিতায়
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান
ড. মোঃ তারিকুল ইসলাম চৌধুরী সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। সব মিলিয়ে সিসিএন
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই বৈশাখী আয়োজন শিক্ষক, কর্মকর্তা ও
শিক্ষার্থীদের মাঝে এক অভূতপূর্ব ও প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।
