নিজস্ব
প্রতিবেদক ॥ “সেবার ব্রতে চাকরি” স্লোগানকে সামনে রেখে কুমিল্লা জেলায়
ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার প্রাথমিক বাছাই
পর্বের কার্যক্রম শুরু হয়েছে। ফেব্রুয়ারি ২০২৬ সালের এ নিয়োগ কার্যক্রমের
প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা জেলা পুলিশের তত্ত্বাবধানে।
কুমিল্লা
জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে
পরিচালিত এ পরীক্ষায় বিপুল সংখ্যক প্রার্থী অংশগ্রহণ করেন। সংশ্লিষ্ট সূত্র
জানায়, নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে সম্পন্ন
করার লক্ষ্যে কঠোর নজরদারি রাখা হয়েছে।
পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান
সাধারণ জনগণের উদ্দেশ্যে জানান, এ নিয়োগ কার্যক্রম শতভাগ সচ্ছতা বজায় রেখে
সম্পন্ন করা হবে এবং কেবলমাত্র দক্ষ, মেধাবী ও যোগ্য প্রার্থীরাই চাকরি
পাওয়ার সুযোগ পাবে।
তিনি আরও বলেন, কোনো প্রকার দালাল বা প্রতারক চক্রের
প্রলোভনে না পড়তে কুমিল্লাবাসীর প্রতি আহ্বান জানানো হচ্ছে। নিয়োগ
সংক্রান্ত বিষয়ে কেউ আর্থিক লেনদেনে জড়িত থাকলে তার প্রার্থিতা
তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা
হবে।
পুলিশ সুপার আরও জানান, প্রতারক বা দালাল চক্র সম্পর্কে কোনো তথ্য
জানা থাকলে তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য অনুরোধ করা
হচ্ছে। আগের বছরের মতো এবারও সম্পূর্ণ যোগ্যতা ও মেধার ভিত্তিতেই নিয়োগ
কার্যক্রম সম্পন্ন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
