প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১:২১ এএম আপডেট: ২৭.০২.২০২৬ ২:২৮ এএম |
টুর্নামেন্টে অংশগ্রহণকারী কিশোর ক্রিকেটারদের প্রাণবন্ত পারফরম্যান্সে প্রতিদিনই জমে উঠছে প্রতিযোগিতা, যা কুমিল্লার ক্রিকেটাঙ্গনে নতুন প্রজন্মের সম্ভাবনার জানান দিচ্ছে। মাহাবুব আলী জাকী স্মৃতি অনূর্ধ্ব-১৭ টি-২০ কাপ-এর তৃতীয় দিনের প্রথম ম্যাচে ৪ উইকেটের জয় পেয়েছে স্টার ক্রিকেট একাডেমি।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) সকালে অনুষ্ঠিত ম্যাচে রাইজিং স্টার ক্রিকেট একাডেমিকে হারিয়ে মূল্যবান জয় তুলে নেয় তারা। টস জিতে ব্যাট করতে নেমে রাইজিং স্টার ক্রিকেট একাডেমি ১৮.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯৫ রান সংগ্রহ করে।
দলের পক্ষে ইকরামুল হাসান সর্বোচ্চ ২৬ রান করেন। অধিনায়ক তাসকিন কামাল ২৭ রানে অপরাজিত থাকেন। এছাড়া আরমান ১৩ রান যোগ করেন। দলীয় অতিরিক্ত ছিল ২৬ রান।
স্টার ক্রিকেট একাডেমির হয়ে সামিত দুর্দান্ত বোলিং করে ৪ ওভারে ১২ রান দিয়ে ৬টি উইকেট শিকার করেন। এছাড়া নাবিল ও সিফাত একটি করে উইকেট নেন।
৯৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্টার ক্রিকেট একাডেমি ১২.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯৬ রান তুলে নেয়।
দলের পক্ষে ইফাদ ৪১ বলে ৪৬ রানের চমৎকার ইনিংস খেলেন, যার মধ্যে ছিল ৬টি চার ও ১টি ছক্কা। আরাফাত ১৮ বলে ১৭ রান এবং মিরাজেম ৯ বলে ১১ রান করেন। দলীয় অতিরিক্ত ছিল ১৯ রান। রাইজিং স্টারের হয়ে ইকরামুল ২টি উইকেট নেন। এছাড়া সাইফুল ও তাসকিন একটি করে উইকেট শিকার করেন।
বল হাতে ৬ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ায় রফিকুল ইসলাম সামিত ম্যাচসেরার পুরস্কার অর্জন করেন।
অপরদিকে, তৃতীয় দিনের দ্বিতীয় ম্যাচে দাপুটে জয় পেয়েছে কুমিল্লা টাইগার্স ক্রিকেট একাডেমি। বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত ম্যাচে ক্রিকেট স্কুল কুমিল্লাকে ৫৬ রানের বড় ব্যবধানে পরাজিত করে তারা। আলোর সল্পতার কারেণ এই এই ম্যাচের ফলাফল নির্ধারন করা হয় ডিএল ম্যাথডের মাধ্যমে।
টস জিতে ব্যাট করতে নেমে কুমিল্লা টাইগার্স ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৪৯ রান।
দলের পক্ষে ওয়াসিফ উদ্দিন দুর্দান্ত ব্যাটিং করে ৫৫ বলে ৬৯ রানের ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৬টি চার ও ৫টি ছক্কা। এছাড়া প্রান্ত দাস ২০ বলে ২১ রান এবং আশিকুর রহমান অপরাজিত ৩০ রান করে দলের সংগ্রহ সমৃদ্ধ করেন। অতিরিক্ত থেকে আসে ১৬ রান।
ক্রিকেট স্কুল কুমিল্লার হয়ে গোলাম রাব্বি ও আহমেদ দিদাত একটি করে উইকেট নেন। ৭৩ রানে গুটিয়ে যায় ক্রিকেট স্কুল কুমিল্লার ইনিংস। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ক্রিকেট স্কুল কুমিল্লা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তারা ১৫ ওভারে ৮ উইকেটের বিনিময়ে মাত্র ৭৩ রান সংগ্রহ করতে সক্ষম হয়।
দলের পক্ষে আহমেদ দিদাত সর্বোচ্চ ২৩ বলে ১০ রান করেন। এছাড়া ফাহাদ রেজা অপরাজিত ১৯ রান করেন। অতিরিক্ত থেকে আসে ৩২ রান, যার মধ্যে ছিল ২৭টি ওয়াইড।
কুমিল্লা টাইগার্সের হয়ে মনতাসির ৩ ওভারে ১৮ রান দিয়ে ২টি উইকেট নেন। প্রান্ত দাসও কার্যকর বোলিং করে ৩ ওভারে ১২ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন। এছাড়া নুরুল আহাদ ও গাজী তানিম একটি করে উইকেট নেন। ব্যাট হাতে ৬৯ রানের চমৎকার ইনিংস খেলার সুবাদে ওয়াসিফ উদ্দিন ম্যাচসেরার পুরস্কার অর্জন করেন।