কুমিল্লার দেবিদ্বারে সরকারি কাজে বাধা প্রদান এবং মাদক সেবনের দায়ে পৃথক অভিযানে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার
(২৬ ফেব্রুয়ারি) দেবিদ্বার পৌর এলাকা ও সরকারি হাসপাতালে এই অভিযান
পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল
উদ্দিন।
আদালত সূত্রে জানা যায়, এদিন দুপুরে দেবিদ্বার সরকারি হাসপাতালে
দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধে অভিযান চালানো হয়। দুপুর ১২টার দিকে সরকারি
কাজে বাধা প্রদানের অভিযোগে পৌরসভাধীন বড় আলমপুর গ্রামের জাহাঙ্গীর আলমের
ছেলে মো. ইমন হোসেনকে (২১) আটক করা হয়। পরে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৬ ধারায়
তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
এর আগে
সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার বারেরা এলাকা থেকে মাদকসহ মো. আইয়ুব আলী
(৪৫) নামে একজনকে আটক করে পুলিশ। আইয়ুব আলী উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের
বারুর গ্রামের মৃত শহীদুল্লাহর ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর
৩৬(৫) ধারায় তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
নির্বাহী
ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন বলেন,
"হাসপাতালে সাধারণ মানুষের সেবা বিঘ্নিত করা ও সরকারি কাজে বাধা দেওয়ায়
একজনকে দুই মাস এবং মাদক সেবন ও বহনের দায়ে অন্য একজনকে ১০ দিনের কারাদণ্ড
দেওয়া হয়েছে। জনস্বার্থে অপরাধমূলক কর্মকাণ্ড দমনে আমাদের এই ধরনের অভিযান
নিয়মিত অব্যাহত থাকবে।
