
স্পেনের দ্বিতীয়
ডিভিশনের ক্লাব ইউডি আলমারিয়ার মালিকানা কিনলেন আল নাসরের পর্তুগিজ তারকা
ক্রিস্টিয়ানো রোনালদো। এই ক্লাবের মালিকানায় ২৫ শতাংশের অংশীদার তিনি। আজ
বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ক্লাবের মালিকানা কেনার বিষয়টি নিশ্চিত করেছে
রোনালদোর নতুন হোল্ডিং প্রতিষ্ঠান ‘সিআর সেভেন স্পোর্টস ইনভেস্টমেন্টস’।
বিবৃতিতে
জানানো হয়, এটি ফুটবল মালিকানায় যুক্ত হওয়ার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ।
ফুটবলে রোনালদোর অবদান রাখার ইচ্ছা দীর্ঘদিনের। একজন খেলোয়াড় হয়েও তিনি
ফুটবলের উন্নয়নে যুক্ত থাকতে চান।
আলমেরিয়া বর্তমানে স্প্যানিশ দ্বিতীয়
ডিভিশনের লিগে তৃতীয় স্থানে অবস্থান করছে। সরাসরি লা লিগায় ওঠার জায়গা থেকে
তারা মাত্র এক পয়েন্ট পিছিয়ে। ক্লাবটি সর্বশেষ ২০২৪ সালে স্পেনের শীর্ষ
লিগে খেলেছিল।
আলমারিয়া ক্লাবটির মালিকানা রয়েছে সৌদি গ্রুপ এসএমসির
হাতে। আলমেরিয়ার সভাপতি মোহাম্মদ আল খেরেইজি জানান, রোনালদো বিশেষভাবে যুব
একাডেমি ও ভবিষ্যৎ খেলোয়াড় গড়ার প্রকল্পে যুক্ত থাকবেন।
২০২৩ সাল থেকে
সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে খেলছেন রোনালদো। ওই ক্লাবেও তার শেয়ার রয়েছে।
গত অক্টোবরে ব্লুমবার্গের ‘বিলিয়নিয়ার ইনডেক্সে জায়গা পাওয়া প্রথম ফুটবলার
হন তিনি। আর সম্প্রতি আল-নাসরের হয়ে শেষ তিন ম্যাচে চার গোল করেছেন
রোনালদো। আগামী গ্রীষ্মে ষষ্ঠ বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত
করছেন তিনি। এটাই হতে পারে ৪১ বছর বয়সী এই তারকা শেষ ফিফা বিশ্বকাপ।
