পবিত্র
মাহে রমজান উপলক্ষ্যে মাসব্যাপী স্বল্প আয়ের মানুষের জন্য কুমিল্লা সদর
দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল মঙ্গলবার দুপুরে ন্যায্য মূল্যে
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন কুমিল্লা সদর
দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়।
পবিত্র রমজানে সুলভ ও
ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় তেল, ডাল, চিনি, ডিম, গরুর দুধ, গরুর মাংস,
শাক-সবজি ইত্যাদি উপজেলা পরিষদের সম্মুখে বিক্রয় কেন্দ্রে প্রতিদিন সকাল ১০
টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত বিক্রী করা হবে বলে জানা গেছে। বিশেষ করে খেটে
খাওয়া, দিনমজুর, অসহায় গরীব মানুষদের সুবিধার জন্য রমজান মাস জুড়ে এই
বিক্রয় কেন্দ্র চালু থাকবে। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার
সুজন চন্দ্র রায় এবিষয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন।
উদ্বোধনী
অনুষ্ঠানে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব
তালুকদার, কৃষি অফিসার মো. জোনায়েদ কবির খাঁন, প্রাণী সম্পদ কর্মকর্তা মাহে
আলম, মৎস্য কর্মকর্তা অর্নব চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদুল
আলমসহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
