বুধবার ২৫ ফেব্রুয়ারি ২০২৬
১৩ ফাল্গুন ১৪৩২
সংরক্ষিত নারী আসনে এমপি হতে আগ্রহী কুমিল্লার ৪ নেত্রী
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০৬ এএম আপডেট: ২৫.০২.২০২৬ ১:৩৯ এএম |


সংরক্ষিত নারী আসনে এমপি হতে আগ্রহী কুমিল্লার ৪ নেত্রীনিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠনের পর এবার আলোচনায় সংরক্ষিত নারী আসন। ইতোমধ্যে আগ্রহীরা রাজনৈতিক তৎপরতা শুরু করেছেন। জাতীয় সংসদের সংরক্ষিত আসনে নারী সংসদ সদস্য হতে আগ্রহী কুমিল্লার চার নেত্রী। আলোচনায় থাকা এ চার নেত্রী দীর্ঘদিন যাবত বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। গত ১৭ বছরে দলীয় প্রায় সকল কর্মসূচিতে তাদের সক্রিয় উপস্থিতি দেখা গেছে। 
সংরক্ষিত আসনে সংসদ সদস্য হতে আগ্রহী চার নেত্রীর মধ্যে আলোচনায় রয়েছেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের প্রয়াত সংসদ সদস্য কর্নেল আনোয়ারুল আজিমের কন্যা সামিরা আজিম দোলা, গুম হওয়া লাকসাম পৌরসভার তৎকালীন বিএনপির সভাপতি হুমায়ুন কবির পারভেজের সহধর্মিনী শাহনাজ আক্তার, কুমিল্লা জেলা মহিলা দলের সাবেক সভাপতি সাকিনা বেগম এবং কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আলাউদ্দিন আহমেদের স্ত্রী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য এডভোকেট সাবেরা আলাউদ্দিন হেনা। 
এ চার নারী নেত্রী সংরক্ষিত আসনে নারী সংসদ সদস্য হতে আগ্রহের বিষয়টি তাদের পরিবার এবং নেতাকর্মীরা নিশ্চিত করেছেন। 
সামিরা আজিম দোলা কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামের সন্তান। বাবা কর্নেল আনোয়ারুল আজিম ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য। দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অবসান ঘটিয়ে ২০২৫ সালের ৩১ মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর পর কন্যা সামিরা আজিম দোলা রাজনৈতিক মাঠে আলোচনায় আসেন। প্রস্তুতি নেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের। বাবার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে চোষে বেড়ান। যান ভোটারদের দ্বারে দ্বারে। বিএনপি থেকে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ওই আসনে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে কেন্দ্রীয় বিএনপি'র হস্তক্ষেপে সামিরা আজিম দোলা দলের ধানের শীষ প্রতীকের প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। এ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পর সংরক্ষিত আসনে নারী সংসদ সদস্য হতে আগ্রহ প্রকাশ করেন সামি আজিম দোলা। 
অন্যদিকে আরেক নারী নেত্রী শাহনাজ আক্তার সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য হতে আগ্রহী। তিনি র‌্যাবের হাতে গুম হওয়া কুমিল্লার লাকসাম পৌরসভার তৎকালীন বিএনপির সভাপতি হুমায়ুন কবির পারভেজের সহধর্মিনী। শাহনাজ ২০১৫ সালের ৩০ ডিসেম্বর কুমিল্লার লাকসাম পৌরসভা থেকে মেয়র নির্বাচন করেছিলেন। বর্তমানে তিনি লাকসাম পৌর বিএনপির সহসভাপতি।
শাহনাজ গত দেড় দশক ধরে বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয় আছেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী তারেক রহমানের পক্ষে কাজ করেছেন। ওই আসনের অন্তত তিনটি ওয়ার্ডে সমন্বয়কের দায়িত্বে ছিলেন। এছাড়া গুমের বিরুদ্ধে ঢাকায় বিভিন্ন সেমিনার, প্রতিবাদ মিছিলে অংশ নেন। ২০১৩ সালের ২৭ নভেম্বর রাত নয়টা ১৫ মিনিট থেকে রাত ১১ টার মধ্যে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার হরিশ্চর সড়কে র‌্যাবের একদল সদস্য লাকসাম ফেয়ার হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো-ছ-৭১-১২৬৫) আটক করে। ওই অ্যাম্বুলেন্স থেকে র‌্যাব সদস্যরা লাকসাম উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম হিরু, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির পারভেজ ও পৌর বিএনপির তৎকালীন সহসাংগঠনিক সম্পাদক (বর্তমানে আওয়ামী লীগ নেতা) জসিম উদ্দিনকে তুলে নিয়ে যান। পরে র‌্যাব জসিম উদ্দিনকে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অন্য একটি মাইক্রোবাসে তুলে দেয়। এরপর জসিম উদ্দিন ও একই রাতে লাকসামে বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরুর ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার হওয়া ১০ ব্যক্তিকে র‌্যাব লাকসাম থানায় হস্তান্তর করে। কিন্তু দুই নেতাকে থানায় হাজির করেনি। এরপর থেকে তাঁরা আজও 'নিখোঁজ' রয়েছেন। 
এদিকে এই ঘটনার পর ২০১৫ সালের ৩০ ডিসেম্বর কুমিল্লার লাকসাম পৌরসভা নির্বাচনে বিএনপি থেকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন পারভেজের সহধর্মিনী শাহনাজ আক্তার। তাঁর নির্বাচনী প্রচারণা করতে এসে ২০১৫ সালের ২৩ ডিসেম্বর পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাদ্রা এলাকায় পুলিশি পাহারায় গণসংযোগ ও উঠান বৈঠক করেছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তৎকালীন প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক। পরদিন ২৪ ডিসেম্বর সকাল ১০ টায় লাকসাম পৌরসভার গাজীমূড়া এলাকায় গণসংযোগে সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ার উল আজিমের গাড়ি ভাঙচুর করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরবর্তীতে ওই বছরের ৩০ ডিসেম্বর নির্বাচন হয়। ওই নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী এলাকায় দলীয় প্রার্থীর পক্ষে অবস্থান করেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও পরবর্তীতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। এরপর শাহনাজ ঢাকায় চলে যান। লাকসাম ও ঢাকা মিলিয়ে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। বিএনপির নয়াপল্টন ও গুলশান কার্যালয়ে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। তাঁর একমাত্র ছেলে শাহরিয়ার কবির রাতুল লাকসামে বিএনপির কমিটিতে যুক্ত হন। এবার কুমিল্লা-৯ ( লাকসাম ও মনোহরগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী মো. আবুল কালামের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন।
লাকসাম পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও পারভেজ শাহনাজের একমাত্র ছেলে শাহরিয়ার কবির রাতুল বলেন, আম্মুকে নারী সংসদ সদস্য পদে দেখতে চাই। আব্বু নিখোঁজের পর তিনি দলের জন্য কাজ করেছেন।
শাহনাজ আক্তার বলেন, দলের জন্য আমার পরিবারের ত্যাগ আছে। আমার স্বামী গুম হয়েছেন। আমি গত ১৩ বছর ধরে মাঠে কাজ করেছি। দল আশা করি আমাকে মূল্যায়ন করবে।
সংরক্ষিত আসনে সংসদ সদস্য হতে আরেক আগ্রহী প্রার্থী সাকিনা বেগম। তিনি কুমিল্লা জেলা মহিলা দলের সভাপতি ছিলেন। এছাড়া তিনি জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় রাজনীতির সাথেও নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন দীর্ঘদিন। সাকিন বেগম জানান, পারিবারিক ব্যাস্ততার মাঝেও দীর্ঘদিন দলীয় কর্মকান্ডে অধিক সময় দিয়ে রাজপথে থেকেছেন। দলের একজন ত্যাগী এবং নিবেদিত প্রাণ হিসেবে অধিক পরিচিত রাজনীতির মাঠে। রাজনীতি ছাড়াও তিনি সামাজিক অনেক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। তার দৃষ্টিতে একজন নিবেদিত, ত্যাগী রাজনৈতিক ব্যাক্তিত্ব হিসেবে বর্তমান জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে তিনি একজন যোগ্য প্রার্থী। দল তার ১৭ বছরের আন্দোলন সংগ্রামের কর্মকাণ্ডের সঠিক মূল্যায়ন করবেন। 
অন্যদিকে আরেক আগ্রহী প্রার্থী এডভোকেট সাবেরা আলাউদ্দিন হেনা। তিনি কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য এবং কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আলাউদ্দিন আহমেদের স্ত্রী। ওয়ান-ইলিভেন পরবর্তী সময়ে তিনি ও তাঁর পরিবার কঠিন নির্যাতন ও দুঃসময়ের মুখোমুখি হন। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দিনে আনন্দ মিছিলে অংশ নিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন তাঁর স্বামী আলাউদ্দিন আহমেদ। চিকিৎসায় বিলম্ব ও ব্রেইন হেমারেজের কারণে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ১৩ সেপ্টেম্বর ২০০৮ তিনি ইন্তেকাল করেন। এই শোকের সময় বিএনপির শীর্ষ নেতারা খোঁজখবর নেন এবং নেত্রীর পক্ষ থেকে পরিবারকে সান্ত্বনা দেওয়া হয়।
স্বামী আলাউদ্দিন আহমেদ ছিলেন বিএনপির পরীক্ষিত, ত্যাগী ও সংগ্রামী সংগঠক। স্বৈরাচারবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং এরশাদ আমলে দীর্ঘদিন কারাভোগ করেছেন। তাঁর আত্মত্যাগ ও নেতৃত্বের অনুপ্রেরণায় ২০০৯ সালে সাবেরা আলাউদ্দিন হেনা কেন্দ্রীয় মহিলা দলের সদস্য ও কুমিল্লা জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান এবং সক্রিয় রাজনীতিতে যুক্ত হন। ২০১০ সাল থেকে কুমিল্লা ও ঢাকায় দলীয় আন্দোলন, হরতাল ও মিছিলে নিয়মিত অংশ নেন হেনা। 
২০১৮ সালের সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করায় তিনি হামলা, বাড়িঘর ভাঙচুর ও একাধিক মামলার শিকার হন। দীর্ঘদিন আত্মগোপনে থাকতে বাধ্য হন। 
এডভোকেট সাবেরা আলাউদ্দিন হেনা জানান, ধারাবাহিক হামলা-মামলার মধ্যেও তিনি দলের আদর্শ ও নেতৃত্বের প্রতি অবিচল থেকে সাহসিকতার সঙ্গে কাজ চালিয়ে গেছেন। বর্তমান নেতৃত্বের নির্দেশনা অনুসরণ করে সততা ও দৃঢ়তার সঙ্গে দলীয় দায়িত্ব পালনই তাঁর অঙ্গীকার। জীবনের শেষ দিন পর্যন্ত দলের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। বিএনপি সরকার গঠন করেছেন। এই সংসদে সংরক্ষিত আসনে তিনি নারী সংসদস্য হতে চান। দল তার এবং তার পরিবারের ত্যাগের সঠিক মূল্য করলে তিনি নারী সংসদ সদস্য নির্বাচিত হবেন।





 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সংরক্ষিত নারী আসনে এমপি হতে আগ্রহী কুমিল্লার ৪ নেত্রী
দাউদকান্দিতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪জন দগ্ধ
সেই ভবনের গ্যাস লাইন ছিল অবৈধ
বান্দার প্রতি মহান আল্লাহর মহব্বত
কুমিল্লা থেকে ফেরার পথে দুর্ঘটনায় আহত চট্টগ্রামের এমপি নুরুল আমিন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মেয়র পদে আলোচনায় চারজন
গোমতী নদীর মাটির সাথে উজার হচ্ছে গাছপালা
‘দ্রুতই স্থানীয় সরকার-সিটি নির্বাচন তফসিলের সিদ্ধান্ত নেবে ইসি’
কুবির ১ম মেধা তালিকা প্রকাশ, ক্লাস শুরু ১২ এপ্রিল
এমপি শাওনকে হোসাইনীয়া কমিটি চান্দিনা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২