মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি ২০২৬
৫ ফাল্গুন ১৪৩২
জুলাই সনদে স্বাক্ষর করল এনসিপি, ধন্যবাদ দিলেন প্রধান উপদেষ্টা
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১:২৮ এএম আপডেট: ১৭.০২.২০২৬ ২:৩২ এএম |


 জুলাই সনদে স্বাক্ষর করল এনসিপি, ধন্যবাদ দিলেন প্রধান উপদেষ্টা
জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি ‘স্পষ্ট’ না হওয়ার যুক্তি দিয়ে স্বাক্ষর অনুষ্ঠান বর্জন করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অবশেষে সেই সনদে স্বাক্ষর করেছে। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন সনদে স্বাক্ষর করেন বলে প্রধান উপদেষ্টার দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সনদে স্বাক্ষরের পর দলটিকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, “এনসিপির সনদে স্বাক্ষর করবে বলেই জাতির বিশ্বাস ছিল, আজকে সেই বিশ্বাস পূর্ণতা পেল, জুলাই জাতীয় সনদ পূর্ণতা পেল। এনসিপিকে ধন্যবাদ এই মহতি কাজে অংশগ্রহণের জন্য।”
প্রধান উপদেষ্টা বলেন, “এই দলিল যেন নতুন বাংলাদেশকে মানবিক বাংলাদেশ হিসেবে গড়তে প্রতিটি পদে পদক্ষেপ রাখে, তার জন্য প্রতি মুহূর্তে সচেতন থাকতে হবে।”
মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের কথা তুলে ধরে তিনি বলেন, “সকলের সামনের দিনগুলোতে শুভ হোক।”
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “আমাদের দল থেকে নির্বাচিত সংসদ সদস্যরা আগামীকাল শপথ গ্রহণ করবেন। আমরা একই সঙ্গে দুটো শপথ গ্রহণ করতে যাচ্ছি। আমাদের ওপর দেশের মানুষ যে আস্থা রেখেছে আমরা তা বাস্তবায়ন করব।”
চব্বিশের অভ্যুত্থান বাংলাদেশে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা এবং সংস্কারের যে সুযোগ তৈরি করে দেয়, তা কাজে লাগাতে ২০২৪ সালের শেষে এই সনদ করার দাবি তুলেছিলেন জুলাই আন্দোলনের প্রথম সারির নেতারা।
২০২৫ সালের ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়। অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজসহ কমিশনের সদস্যরাও জুলাই সনদে স্বাক্ষর করেন। আর বিএনপি, জামায়াতে ইসলামীসহ ২৪টি রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে এতে স্বাক্ষর করে।
তাদের গঠিত দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঐকমত্যের সংলাপে অংশ নিলেও শেষ পর্যন্ত সনদ সইয়ের অনুষ্ঠানে অংশ নেয়নি। জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি ‘স্পষ্ট’ না হওয়ার যুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বর্জন করে দলটি।
এ ছাড়া ইতিহাস ‘সঠিকভাবে না আসা’ এবং সংবিধানের মূলনীতি পরিবর্তন নিয়ে আপত্তির কারণে বাম ধারার চারটি দল সনদে সই না করার ঘোষণা দিয়েছিল। দলগুলো হল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদ। আর গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান অনুষ্ঠানে এলেও সনদে সই করেননি চূড়ান্ত সনদের কিছু বিষয় নিয়ে মতভিন্নতার কারণে।
সোমবার সেই সনদ সইয়ের পর নাহিদ বলেন, “জুলাই সনদে সবার শেষে স্বাক্ষর করলেও এই সনদ বাস্তবায়নের জন্য আমরা ছিলাম সর্বোচ্চ তৎপর।”
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপির প্রতিনিধিদলে মনিরা শারমিন, সারওয়ার তুষার, জাভেদ রাসিন ও জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
এমপি-মন্ত্রিদের শপথ আজ
নাঙ্গলকোটে মহানগর এক্সপ্রেস লাইনচ্যুত
কুসিক প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে নবগঠিত কুমিল্লা সিটি কর্পোরেশন ঐক্য পরিষদের ফুলেল শুভেচ্ছা
কুমিল্লায় সূর্যমুখী চাষে সফল কৃষক সামসুল হক মজুমদার
ব্রাহ্মণপাড়া তুচ্ছ ঘটনায় হাতের আঙ্গুল কেটে নেয় দুর্বৃত্তরা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
তারেক রহমানের সাথে দেখা করলেন হাজী ইয়াছিন , জানালেন শুভেচ্ছা
কুমিল্লায় ৮৩ প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৫৯ জন
আগামীর বাংলাদেশ হবে জামায়াতে ইসলামীর -মাওলানা আব্দুল হালিম
ভোটের গেজেট: অভিযোগ থাকলে হাই কোর্টে যেতে বলল ইসি
দাউদকান্দিতে ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২