প্রদীপ মজুমদার :
কুমিল্লার
লালমাই উপজেলার বাগমারা রেলগেইট এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অটো
রিকশাচালকের মৃত্যু হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি মোঃ মহিন উদ্দিন (৩৫)। তিনি বরুড়া উপজেলার শিলমুড়ী ইউনিয়নর
চেঙ্গাহাটা গ্রাম এলাকার শহিদুল ইসলামের ছেলে। পেশায় একজন অটোরিকশা চালক
ছিলেন।
স্থানীয়দের ভাষ্যমতে, সকালে বাগমারা রেললাইনের পাশে দাঁড়িয়ে
মোবাইল ফোনে কথা বলার সময় হঠাৎ দ্রুতগতির একটি ট্রেন চলে আসে। এতে তিনি
ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার খবর
পেয়ে পরিবারসহ স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।
লাকসাম রেলওয়ে
থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন বলেন, নোয়াখালী থেকে ছেড়ে আসা
ঢাকাগামী উপকূল ট্রেনটি সকাল সাড়ে ৭টায় লাকসাম স্টেশন অতিক্রম করে। সম্ভবত
সেই ট্রেনে কাটা পড়ে বাগমারা বাজারে মহি উদ্দিন নামে নিহত হয়েছেন। খবর
পেয়েই আমরা ঘটনাস্থলে গিয়েছি। তার আগেই নিহতের পরিবার মরদেহ বাড়ি নিয়ে
গেছেন।
