
উইমেন’স
ফুটবল লিগের প্রথমবার অংশ নিয়েই বাজিমাত করতে রাজশাহী স্টার্সের দরকার ছিল
১ পয়েন্টে। শিরোপা লড়াইয়ে প্লে-অফে টেনে নিতে বাংলাদেশের সেনাবাহিনীর
প্রয়োজন ছিল জয়। দুই দলের লড়াইয়ে অনায়াস জয়ে শিরোপা জিতল ঋতুপর্ণা-আলপিদের
রাজশাহী।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে
শুক্রবার শেষ রাউন্ডের খেলায় সেনাবাহিনীকে ৩-০ গোলে হারায় রাজশাহী। ১০
ম্যাচের সবগুলো জিতে ৩০ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হলো তারা।
দুই
দলের প্রথমার্ধে লড়াই হয়েছে জমজমাট। রক্ষণ জমাট রাখার দিকেই মনোযোগী ছিল
দুই দল। এ অর্ধে গোল পায়নি কেউই। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়তে থাকে
রাজশাহীর।
৪৭তম মিনিটে সুরভী আকন্দ প্রীতির গোলমুখে বাড়ানো আড়াআড়ি পাস
গোলকিপার ঝাঁপিয়ে আটকাতে পারেননি। অনায়াসে ফাঁকা পোস্টে জাল জড়িয়ে দেন আলপি
আক্তার।
রাজশাহী ব্যবধান দ্বিগুণ করে নেয় দ্রুতই। ৫৮তম মিনিটে বাম দিক
থেকে ঋতুপর্ণা চাকমার বাড়ানো ক্রসে দৃষ্টিনন্দন ভলিতে লক্ষ্যভেদ করেন
শাহেদা আক্তার রিপা। শেষ দিকে রিপার ক্রসে আলপির হেড পাস পেয়ে ঋতুপর্ণা
লক্ষ্যভেদ করলে শিরোপা নিশ্চিত হয়ে যায় রাজশাহীর।