মো. মিজানুর রহমান ।।
কুমিল্লা
সদর দক্ষিণ উপজেলা ও কুমিল্লা নগরীর দক্ষিণের ৯ টি ওয়ার্ডের ভোটাররা
দীর্ঘদিন পর ভোট উৎসবের অপেক্ষায় রয়েছেন। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)
সকাল ৭.৩০ ঘটিকা থেকে বিকাল ৪.৩০ ঘটিকা পর্যন্ত ৬৬ টি ভোট কেন্দ্রে টানা
ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অবাধ,
সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ইতোমধ্যে উপজেলা
প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। গতকাল বুধবার সকাল ১০.০০ ঘটিকা থেকে
দুপুর ২.০০ ঘটিকার মধ্যে সব ভোটকেন্দ্রের ব্যালটবাক্সসহ সকল নির্বাচনী
সরঞ্জাম বিতরণ কার্যক্রম সম্পন্ন করেছেন।
কুমিল্লা সিটি কর্পোরেশনের
১৯-২৭ নম্বর ওয়ার্ড (সাবেক কুমিল্লা সদর দক্ষিণ পৌরসভা) ও উপজেলার ৭টি
ইউনিয়নে ৬৬ টি কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ২ লাখ ১৪ হাজার ২৬৬ জন। এসব
কেন্দ্রে ভোট গ্রহণের জন্য ৬৬ জন প্রিজাইডিং অফিসার, ৪১৫ জন সহকারী
প্রিজাইডিং অফিসার ও ৮৩০ জন পোলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে বলে দৈনিক
কুমিল্লার কাগজকে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার চৌধুরী ফিহান ছন্দ।
কুমিল্লা
সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সুজন চন্দ্র
রায় দৈনিক কুমিল্লার কাগজকে জানান, কুমিল্লা সিটি কর্পোরেশনের ৯ টি
ওয়ার্ডের ২৩ টি ও উপজেলার ৭ টি ইউনিয়নের ৪৩ টিসহ ৬৬ টি ভোট কেন্দ্রে ভোট
গ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে সকল ভোট কেন্দ্র
সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। প্রতিটি কেন্দ্রে সার্বক্ষণিকভাবে বিদ্যুৎ
সরবরাহ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সিটি কর্পোরেশনের ৯ টি
ওয়ার্ডের জন্য ১ জন, গলিয়ারা (উত্তর) ও গলিয়ারা (দক্ষিণ), জোড়কানন (পূর্ব)
ও জোড়কানন (পশ্চিম) ইউনিয়নের জন্য ১ জন এবং বিজয়পুর, বারপাড়া ও চৌয়ারা
ইউনিয়নের জন্য ১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গত সোমবার বিকাল থেকে মাঠে
দায়িত্ব পালন করছেন। তাঁরা হলেন-কাইজার মোহাম্মদ ফারাবী, আবিদা আল আকসার
আশা ও সজীব তালুকদার। আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁরা দায়িত্ব পালন
করবেন। ভোট গ্রহণকালে প্রতিটি ভোট কেন্দ্রে বডি-ওর্ন ক্যামেরাসহ ২ জন পুলিশ
সদস্য, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ও গ্রাম পুলিশ এর
সদস্যসহ ১৫/১৬ জন সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া সেনাবাহিনী, র্যাব ও
বিজিবি সদস্যদের নিয়ে গঠিত মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স কেন্দ্র এলাকায়
তাদের টহল অব্যাহত রাখবে। তিনি আরও জানান, উপজেলা নিয়ন্ত্রণ কক্ষ থেকে ৬৬টি
ভোটকেন্দ্র সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হবে। যেকোনো
ধরনের অপ্রীতিকর ঘঠনার খবর পাওয়া মাত্র তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা
গ্রহণ করা হবে।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে
উপজেলা কার্যালয়ের হলরুমে ‘নিয়ন্ত্রণ কক্ষ ও তথ্য সরবরাহ সেল’ খোলা হয়েছে।
আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. রাত ১১.০০ ঘটিকা পর্যন্ত এ ‘কন্টোল রুম’ ও
‘তথ্য সরবরাহ’ সেলে নিম্নোক্ত টেলিফোন ০২৩৩৪৪৪৮০৬০ ও মোবাইল নম্বর
০১৭৩৩-৩৫৪৯৩৬-তে উক্ত উপজেলার নির্বাচন সংক্রান্ত যেকোনো অভিযোগ/তথ্য
জানানোর জন্য অনুরোধ করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং
অফিসার সুজন চন্দ্র রায়।
