নিজস্ব
প্রতিবেদক।। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন
কমিশনকে সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন কুমিল্লা-০৬ আসনের
বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী। একই সঙ্গে তিনি জামায়াতে
ইসলামীকেও সহনশীল ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নিজ নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
লিখিত
বক্তব্যে তিনি জানান, গত সোমবার রাতে দুর্গাপুর উত্তর ইউনিয়নের বড়দৈল
গ্রামে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দল জামায়াতে
ইসলামীর নেতাকর্মীদের হামলায় দুজন বিএনপি কর্মী আহত হয়। বর্তমানে তারা
হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার রাতেই তিনি আহতদের দেখতে হাসপাতালে
যান।
তিনি বলেন, রাজনৈতিক হীন স্বার্থে এভাবে মানুষ মানুষকে পিটাতে
পারে, এটা আমার জানা ছিল না। জামায়াতের প্রার্থী নিশ্চয়ই বিষয়টি অবগত
হয়েছেন। দেখি তিনি দলীয়ভাবে কী ব্যবস্থা গ্রহণ করেন।
মনিরুল হক চৌধুরী
বলেন, আমি আমার প্রতিদ্বন্দ্বী ভাইদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানাই।
দীর্ঘ আন্দোলনে আমরা রাজপথের সহযোদ্ধা ছিলাম, মজলুম ছিলাম। এখন কেউ জালিম
হইয়েন না।
ঝুঁকিপূর্ণ কেন্দ্র প্রসঙ্গে তিনি বলেন, যেসব কেন্দ্রকে তিনি
ঝুঁকিপূর্ণ মনে করেছেন, সেগুলোর তালিকা আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে সকল
অপ্রীতিকর ঘটনা থেকে সাধারণ জনগণকে রক্ষা করবে।
তিনি আরও বলেন, আগামী ১২
ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আজ থেকে সকল
প্রকার প্রচার-প্রচারণা বন্ধ হয়েছে। তফসিল ঘোষণার পর থেকে গত সোমবার
পর্যন্ত তিনি বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়েছেন। আমি আদি
কোতোয়ালির সন্তান হয়েও কুমিল্লা শহরে এই প্রথম প্রার্থী হয়েছি। শহরকে
সাজানোর দীর্ঘদিনের ইচ্ছা থেকেই এখানে প্রার্থী হওয়া। দীর্ঘ সময় দেশের
মানুষ ভোট দিতে পারেনি, গণতন্ত্র বারবার পর্যুদস্ত হয়েছে। এবারের নির্বাচন
গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার নিশ্চিত করার নির্বাচন।
মনিরুল হক
চৌধুরী বলেন, চব্বিশের জুলাইয়ের পর আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম।
এত তাজা প্রাণের বিনিময়ে অর্জিত জুলাইয়ের চেতনা আজ হারিয়ে যেতে বসেছে।
জুলাই গণঅভ্যুত্থানের পরও চারদিকে ষড়যন্ত্র থেমে নেই। তবে আমি বিশ্বাস করি,
নির্বাচন কমিশন সকল ষড়যন্ত্র রুখে দিয়ে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন
উপহার দেবে।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি
বলেন, জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল ভোটারের নিরাপত্তা নিশ্চিত করতে
হবে। ভোটের দিন কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে শক্ত হাতে তা দমন করবেন।
গত ১৭ বছরে মানুষের যে বিশ্বাস হারিয়ে গিয়েছিল, ১২ ফেব্রুয়ারি সেই বিশ্বাস
পুনরুদ্ধারের সুযোগ এসেছে।
কুমিল্লা-৬ আসনের ভোটারদের উদ্দেশ্যে তিনি
বলেন, কোনো ভয়-ভীতি বা শঙ্কা ছাড়াই আপনারা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে
ভোটাধিকার প্রয়োগ করবেন। দল-মত, জাতি-ধর্ম নির্বিশেষে আমি সবার ভোট কামনা
করছি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য
সৈয়দ জাহাঙ্গীর আলম, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান
আমির, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজামুদ্দিন কায়সারসহ দলীয়
নেতৃবৃন্দ।
