নিজস্ব
প্রতিবেদক: স্বাধীনতার দীর্ঘ সময় পার হলেও দেশের অনেক মানুষ এখনো খাদ্য,
বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত। দাঁড়িপাল্লা
প্রতীকের বিজয়ের মাধ্যমে এসব অভাব দূর হবে, নিপীড়ন ও বঞ্চনার অবসান ঘটবে
এমন প্রত্যয় ব্যক্ত করেছেন কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক এ
কে এম এমদাদুল হক মামুন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) আদর্শ সদর উপজেলার
জগন্নাথপুর ইউনিয়নের অরণ্যপুর গ্রামে ঘরে ঘরে গণসংযোগ ও উঠান বৈঠকে তিনি
এসব কথা বলেন। কুমিল্লা-৬ (আদর্শ সদর, কুমিল্লা মহানগরী, সদর দক্ষিণ ও
সেনানিবাস) আসনে এগার দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন
মোহাম্মদের পক্ষে দিনব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।
দাঁড়িপাল্লা
প্রতীকের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত
অধ্যাপক মামুন নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে ভোটারদের সঙ্গে
মতবিনিময় করেন এবং প্রার্থীর পক্ষে সমর্থন কামনা করেন। কর্মসূচির
উল্লেখযোগ্য অংশ ছিল অরণ্যপুর গ্রামের প্রতিটি ঘরের দুয়ারে দুয়ারে গিয়ে
সাধারণ মানুষের কথা শোনা। এ সময় স্থানীয়রা রাস্তাঘাটের বেহাল অবস্থা,
ড্রেনেজ সংকট, কর্মসংস্থানের অভাব ও মৌলিক সেবার ঘাটতির বিষয় তুলে ধরেন।
গণসংযোগকালে
উপস্থিত ছিলেন ওয়ারাসা ফুড প্রোডাক্টসের চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান
পদপ্রার্থী মো. ওয়াদিদুর রহমান চৌধুরী, অধ্যাপক তালাত মাহমুদ, ইউনিয়ন
সেক্রেটারি ডা. মাহফুজুর রহমান, ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি জাফর আহমেদ,
শ্রমিক কল্যাণ আদর্শ সদর পূর্ব থানা সভাপতি মো. নুর হোসেন, ইউনিয়ন
যুববিভাগের সভাপতি ও ২ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল কুদ্দুস, বাখরাবাদ
কেন্দ্র কমিটির পরিচালক কাজী আলমগীর হায়দার, মোস্তাক আহমেদ, সৈয়দ নাজমুল
হাসান, আব্দুল করিমসহ স্থানীয় নেতাকর্মীরা।
বিভিন্ন স্থানে বক্তব্যে
অধ্যাপক মামুন বলেন, বাংলাদেশের জাতীয় নির্বাচনকে ঘিরে সারা বিশ্বের
মানুষের দৃষ্টি রয়েছে। অতীতের নির্বাচন নিয়ে নানা প্রশ্ন থাকলেও এবারের
নির্বাচন সকল দলের অংশগ্রহণে নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হলে জনগণ
স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি
বলেন, কুমিল্লা-৬ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ
দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। সততা, যোগ্যতা ও
ন্যায়বিচারের ভিত্তিতে জনগণ তাকে বিজয়ী করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ন্যায়বিচারের
গুরুত্ব তুলে ধরে অধ্যাপক মামুন বলেন, যেখানে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়
সেখানে ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সকল মানুষ নিরাপত্তা ও অধিকার ভোগ
করতে পারে। নির্বাচনকালীন সময়ে প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী
সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করবে এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
গোমতী
নদীকে ঘিরে উন্নয়ন পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, নদীর দুই তীর
সংস্কার ও আধুনিকায়ন করা গেলে কুমিল্লার অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার
উন্মোচিত হবে। নদীভিত্তিক পর্যটন, ব্যবসা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়ে
এটি জেলার উন্নয়নের একটি মডেলে পরিণত হতে পারে।
এছাড়া কুমিল্লা শহরের
যানজট, সরু সড়ক ও ড্রেন দখলের সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, দীর্ঘদিনের
অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে এসব সমস্যা প্রকট হয়েছে। পরিকল্পিত উন্নয়নের
মাধ্যমে সড়ক প্রশস্তকরণ, ড্রেন উদ্ধার ও আধুনিক ট্রাফিক ব্যবস্থার উদ্যোগ
নেওয়া হবে।
অধ্যাপক মামুন দলীয় ঘোষিত সামাজিক নিরাপত্তা ও সেবামূলক
কর্মসূচির কথাও তুলে ধরেন। এর মধ্যে রয়েছে জেলা সদরে বিশেষায়িত হাসপাতাল
স্থাপন, ষাটোর্ধ্ব নারী-পুরুষের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান,
নারীদের উচ্চশিক্ষা বিস্তারে উদ্যোগ এবং কৃষকদের জন্য সুদমুক্ত ঋণ
কার্যক্রম।
শেষে তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, উন্নয়ন,
ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ গড়তে দাঁড়িপাল্লা প্রতীকে কাজী দ্বীন
মোহাম্মদকে বিজয়ী করতে হবে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ের প্রার্থীদের সমর্থন
দিয়ে সমন্বিত উন্নয়নের সুযোগ সৃষ্টি করার আহ্বান জানান তিনি।
