
টটেনহ্যাম
অধিনায়ক ক্রিস্টিয়ান রোমেরোর লাল কার্ড তার সতীর্থদের মনোবলে বড় ধাক্কা
দিলো। সেই রেশ আর কাটল না। আধঘণ্টার মধ্যে ১০ জনের দল হয়ে যাওয়া স্পারদের
২-০ গোলে হারাল ম্যানচেস্টার ইউনাইটেড।
মাইকেল ক্যারিকের অধীনে জয়ের
ধারা অব্যাহত রাখল ম্যানচেস্টার ক্লাব। টানা চার জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের
টেবিলে সেরা চারে শক্ত অবস্থান নিল তারা। ২৫ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে চতুর্থ
স্থানে ক্যারিকের দল। লিগে সাত ম্যাচ ধরে জয়খরায় ভোগা টটেনহ্যাম ২৯
পয়েন্টে ১৪তম।
ওল্ড ট্রাফোর্ডে ৩৮ মিনিটে ব্রায়ান এমবেউমো ইউনাইটেডকে
এগিয়ে দেন। ব্রুনো ফের্নান্দেস ও কবি মাইনুর যোগসাজশে কর্নার থেকে দারুণ
ফিনিশিংয়ে জাল কাঁপান তিনি। ডিওগো ডালোটের বাঁকানো ক্রসে ব্রুনো
ফের্নান্দেস ৮১ মিনিটে দ্বিতীয় গোল করেন।
এর আগে লাল কার্ড দেখে আরও
তোপের মুখে পড়েন রোমেরো। এই আর্জেন্টাইন টটেনহ্যামের বোর্ডের কড়া সমালোচনা
করে রোষানলে ছিলেন। এদিন কাসেমিরোকে কড়া ট্যাকল করে ২৯ মিনিটে মার্চিং
অর্ডার পান।
চলতি মৌসুমে দ্বিতীয় লাল কার্ড দেখার কারণে চারটি
ম্যাচ খেলতে পারবেন না। এর মধ্যে ২২ ফেব্রুয়ারি আর্সেনালের বিপক্ষে লন্ডন
ডার্বিও আছে।