শুক্রবারের
বিকেল মানেই কুমিল্লার মাঠে ক্রিকেটের ডাক। তবে এবার সেই ডাকের সঙ্গে যোগ
হচ্ছে স্মৃতি, পরিবার আর বন্ধুত্বের উষ্ণতা। কুমিল্লা জেলা এক্স
ক্রিকেটারদের উদ্যোগে আগামী ৬ ফেব্রুয়ারি, শুক্রবার কুমিল্লার জামবাড়ি
ফুটবল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক ব্যতিক্রমধর্মী প্রীতি ক্রিকেট ম্যাচ ও
পারিবারিক মিলনমেলা।
সবাইকে নিয়ে একসঙ্গে মাঠে নামা-এটাই এই আয়োজনের মূল
ভাবনা। সাবেক ক্রিকেটারদের ব্যাট-বলের লড়াইয়ের ফাঁকে ফাঁকে মাঠের
গ্যালারিতে থাকবে পরিবার-পরিজনের হাসি, শিশুদের দৌড়ঝাঁপ আর পুরোনো দিনের
ক্রিকেট গল্প। প্রতিযোগিতার চেয়ে এখানে বড় হয়ে উঠবে মিলন আর আনন্দ।
মাঠের
উত্তাপের পাশাপাশি আয়োজনের আরেক বড় আকর্ষণ দুপুরের খাবার-কাচ্চি বিরিয়ানি।
খেলায় জেতা-হার যাই হোক, খাবারের টেবিলে সবাই সমান-এমন বার্তাই যেন দিতে
চান আয়োজকরা। আর বাড়তি আনন্দ যোগ করতে থাকছে র্যাফেল ড্র, যেখানে অপেক্ষা
করছে চমকপ্রদ পুরস্কার।
খেলার পর সন্ধ্যায় মিলনমেলার আবহে যুক্ত হবে
সুরের ছোঁয়া। সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করবেন বাংলার কিশোর কুমার খ্যাত
শিল্পী সুমন শহীদ। তাঁর কণ্ঠে পুরোনো দিনের জনপ্রিয় গানগুলো মাঠজুড়ে ছড়িয়ে
দেবে নস্টালজিয়ার আবেশ।
আয়োজকরা বলছেন, এই আয়োজন শুধুই একটি প্রীতি
ম্যাচ নয়। এটি কুমিল্লার ক্রিকেটাঙ্গনের পুরোনো মুখগুলোর পুনর্মিলন, নতুন
প্রজন্মের সঙ্গে অভিজ্ঞতার সেতুবন্ধন এবং পরিবারকে সঙ্গে নিয়ে খেলাধুলার
আনন্দ ভাগ করে নেওয়ার এক অনন্য সুযোগ।
