
গত
শনিবার ইংলিশ ক্লাব লেস্টার সিটির হয়ে খেলতে গিয়ে হাঁটুতে চোট পান হামজা
চৌধুরী। তাতে বাংলাদেশের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল। কারণ সামনেই জাতীয়
দলের দুটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচগুলোতে তার খেলা নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ে
সাম্প্রতিক একটি ছবিতে। যেখানে তাকে পুরো পায়ে প্লাস্টার করা অবস্থায় দেখা
গেছে। অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন, মার্চে ভিয়েতনাম ও সিঙ্গাপুর ম্যাচ
খেলা হচ্ছে না তার। এই ছবির সত্যতা যাচাই করে বাফুফে এক বিবৃতি দিয়েছে আজ
(শুক্রবার)। তারা শোনাল ইতিবাচক খবর।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিশ্চিত
করছে যে, হামজা বর্তমানে হাঁটুর চোট থেকে সেরে উঠছেন। তারা বলেছে, ‘আমরা
তার নিরাপদ ও দ্রুত আরোগ্য কামনা করি।’
অনলাইনে ছড়িয়ে পড়া ছবি নিয়ে
তাদের বক্তব্য, ‘সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়া একটি ছবি, যেখানে তাকে পুরো
পায়ে প্লাস্টার করা অবস্থায় দেখা যাচ্ছে, সেটি ভুয়া এবং তার প্রকৃত অবস্থার
সাথে এর কোনো সম্পর্ক নেই। সমর্থকদের অনুরোধ করা হচ্ছে যেন তারা কোনো
যাচাইবিহীন তথ্য ছড়িয়ে না দেন এবং সঠিক খবরের জন্য শুধুমাত্র বাফুফের
অফিসিয়াল বার্তা অনুসরণ করেন।’
