
আসন্ন
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান অংশ নেবে ঠিকই, কিন্তু ভারতের বিপক্ষে
ম্যাচে মাঠে নামবে বলে জানিয়ে দিয়েছে পাকিস্তান সরকার। চিরপ্রতিদ্বন্দ্বী
দলের কাছ থেকে এমন সিদ্ধান্ত আসার পর বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতীয় জনতা
পার্টির এমপি অনুরাগ ঠাকুর। ভারতের কাছে না হারতেই পাকিস্তান ম্যাচ বয়কট
করেছে বলে মন্তব্য করেন তিনি।
ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটিনে প্রকাশিত
এক প্রতিবেদনে এমনটিই প্রকাশিত হয়েছে। সেই প্রতিবেদনে অনুরাগ ঠাকুরের বরাত
দিয়ে বলা হয়, ‘পাকিস্তান ক্রিকেট দল ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা
দিয়েছে। কারণ তারা ভারত ক্রিকেট দলের কাছে আর হারতে চায় না।’
আজ রোববার
(১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে পাকিস্তানের বিশ্বকাপে অংশ গ্রহণ ও ভারত ম্যাচ
বয়কটের খবরটি নিশ্চিত করে পাকিস্তান সরকার। বাংলাদেশকে নিয়ে আইসিসির
সিদ্ধান্তের প্রতিবাদেই এমন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
পাকিস্তান
সরকার বলেছে, ‘পাকিস্তান ক্রিকেট দলকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ
অংশগ্রহণের অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার। তবে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি
ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না।’
গত ২৬ জানুয়ারি
ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন
পিসিবি প্রধান মহসিন নাকভি। সেই বৈঠকেই বিশ্বকাপে পাকিস্তান দলের অংশগ্রহণ
বিষয়ে দিকনির্দেনা দেয় সরকার। এবার আনুষ্ঠানিকভাবে জানাল ভারত ম্যাচ বয়কটের
কথা।
ঘটনার সূত্রপাত, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর
থেকে। নিরাপত্তা শঙ্কা দেখিয়ে এই পেসারকে বাদ দেয় বোর্ড অব কন্ট্রোল ফর
ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এরপর একই কারণ দেখিয়ে বিশ্বকাপ খেলতে ভারতে
যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ।
