দাউদকান্দিতে চার মণ গাঁজা জব্দ করে বিক্রির ঘটনায় আরও দুই পুলিশ কর্মকর্তাকে ক্লোজড (প্রত্যাহার) কর হয়েছে।
বৃহস্পতিবার
(২ জুলাই) দুপুরে দাউদকান্দি থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমাম উদ্দিন ও
সহকারী উপপরিদর্শক (এএসআই) হাফিজুর রহমান কর্মস্থল ত্যাগ করেন। বুধবার (১
জুলাই) দিবাগত রাতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তাদের প্রত্যাহার করা
হয়। এর আগে, এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. এ বারীকেও
প্রত্যাহার করা হয়েছিল। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ইন্সপেক্টর (তদন্ত)
শামসুল আলম।
জানা গেছে, গত শনিবার (২৭ জুন) রাতে ঢাকা-চট্টগ্রাম
মহাসড়কের দাউদকান্দি ফায়ার সার্ভিসের সামনে একটি কাভার্ডভ্যান থেকে ১৬০
কেজি গাঁজা উদ্ধার করা হয়। সেদিন নাইট ডিউটিতে কর্তব্যরত ছিলেন থানার এসআই
মো. ইমাম উদ্দিন এবং এএসআই হাফিজুর রহমান।
গোপন সংবাদের ভিত্তিতে এ দুই
পুলিশ কর্মকর্তা মহাসড়কের ফায়ার সার্ভিসের সামনে ঢাকাগামী একটি
কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ১৬০ কেজি গাঁজা উদ্ধার করেন। পরে তিন মাদক
কারবারির কাছে ধাপে ধাপে মাদকগুলো বিক্রি করে দেওয়া হয়।
অভিযোগ রয়েছে,
ওই দুই পুলিশ কর্মকর্তা গাঁজাগুলো বিক্রি করে দেওয়ার পর ৩০ হাজার টাকা নিয়ে
কাভার্ডভ্যানটি ছেড়ে দেন। তবে বিষয়টি অস্বীকার করেছেন ওই দুই পুলিশ
কর্মকর্তা।
দাউদকান্দি থানার ইন্সপেক্টর (তদন্ত) শামসুল আলম বলেন,
ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থানার এসআই মো. ইমাম উদ্দিন এবং এএসআই হাফিজুর রহমানকে
প্রত্যাহার করেছেন। থানা থেকে তাদের সিসি দেওয়া হয়েছে।
